দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে সরাসরি বোমা হামলার হুমকি! উচ্চ আদালতে ইমেল আসতেই ছড়ালো চরম চাঞ্চল্য

জনপ্রিয় পপ-গায়ক দিলজিৎ দোসাঞ্জের বহুল চর্চিত ‘অরা ট্যুর’ (Aura Tour)-এর কনসার্ট ঘিরে ফের বড়সড় নাশকতার আশঙ্কা। আগামী ১৫ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে দিলজিতের মেগা কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু অনুষ্ঠান মঞ্চে আলো জ্বলার আগেই মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে এসে পৌঁছাল এক রক্তহিম করা ইমেল— যেখানে সাফ জানানো হয়েছে, গান গাওয়ার সময়ই উড়িয়ে দেওয়া হবে দিলজিতের কনসার্ট মঞ্চ!
আদালতে সরাসরি এহেন বোমাতঙ্কের বার্তা পৌঁছাতেই কোনো প্রকার ঝুঁকি না নিয়ে মধ্যপ্রদেশ জুড়েই চূড়ান্ত সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ প্রশাসন।
বিদেশি নেটওয়ার্ক থেকে এসেছে রক্তহিম করা মেল
গোয়ালিয়রের পুলিশ প্রধান সুকীর্তি সোমবংশী সংবাদমাধ্যমকে হুমকি ইমেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ট্র্যাকিংয়ে দেখা গিয়েছে যে আইপি (IP) ঠিকানা থেকে ইমেলটি পাঠানো হয়েছে, তার তার জুড়ে রয়েছে একটি বিদেশি নেটওয়ার্কের সঙ্গে। ইমেল প্রেরকের আসল অবস্থান ও পরিচয় উন্মোচন করতে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল মাঠে নেমেছে। ঘটনার স্পর্শকাতরতা বুঝে ইতিমধ্যেই হাইকোর্ট ও সম্মানীয় বিচারপতিদের বাসভবনের নিরাপত্তাও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
হুমকির জবাবে গর্জে উঠলেন দিলজিৎ
গত ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে দিলজিৎ তাঁর ভারত সফরের যাত্রা শুরু করেছিলেন। আগামী ১৫ নভেম্বর ইন্দোরে পৌঁছানোর কথা জানিয়ে ওখানকার বিখ্যাত ‘পোহা’ খাওয়ার শখ প্রকাশ করেছিলেন গায়ক।
তবে একের পর এক বোমাতঙ্কের খবরে পিছপা হতে রাজি নন দিলজিৎ। চরম হুমকির জবাবে নিজের মেজাজ বজায় রেখে পপ-স্টার সাফ জানান— “আমি ১৫ নভেম্বর ইন্দোরে যাচ্ছি। ইন্দোরে পৌঁছে সবার আগে পোহা খাব। কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আপনাদের সঙ্গেই দেখা করব। খবরে শুনছি কিছু বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু এসব পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, তা আমাদের খুব ভালো জানা আছে। আমরা আসলে কে, ওরা কি তা জানে?”
খালিস্তানি নিশানায় কি তবে পাঞ্জাবি গায়ক?
উল্লেখযোগ্য বিষয় হলো, গায়ক দিলজিৎ দোসাঞ্জের এই মিউজিক্যাল ট্যুর শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় এমন হামলার বার্তা আসছে। গত ২ নভেম্বর ইন্দোরের তিনটি নামজাদা বেসরকারি স্কুল এবং মেয়রের দফতরেও একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল। যদিও সেগুলো ভুয়ো প্রমাণিত হয়, তবে এবারের ঘটনার গভীরতা পুলিশকে বেশ ভাবিয়ে তুলেছে।
বিদেশে ঘাঁটি গেড়ে থাকা একাধিক খালিস্তানিপন্থী উগ্রবাদী গোষ্ঠীর নিয়মিত নিশানায় রয়েছেন এই পাঞ্জাবি তারকা। গত মে মাসে কানাডার ক্যালগেরিতে এক লাইভ শোর সময় কিছু দর্শককে খালিস্তানি পতাকা উড়াতে দেখে তৎক্ষণাৎ গান থামিয়ে কড়া সুরে তাঁদের বেরিয়ে যেতে বাধ্য করেছিলেন দিলজিৎ। ফলে এই সাম্প্রতিক হুমকি মেলের নেপথ্যে বিদেশে বসে থাকা সেই একই নাশকতামূলক চক্রের হাত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছেন গোয়েন্দারা।