১২-র পর ইকোনমিক্সে ডিগ্রি নেওয়ার কথা ভাবছেন? BA নাকি BSc—কোন কোর্সে মিলবে মোটা মাইনের চাকরি?

দ্বাদশ শ্রেণি পাশ করার পর একটা বড় অংশের শিক্ষার্থীর প্রথম পছন্দ থাকে ইকোনমিক্সে কেরিয়ার গড়া। তবে সঠিক নির্দেশিকা ও তথ্যের অভাবে অনেক পড়ুয়াই যোগ্য হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সাফল্য থেকে পিছিয়ে পড়েন। স্কুলস্তরে অর্থনীতি প্রধানত আর্টস বা হিউম্যানিটিজ স্ট্রিমের একটি বিষয় হিসেবে পড়ানো হলেও, গ্র্যাজুয়েশন বা আন্ডারগ্র্যাজুয়েট স্তরে এর পরিধি ও ক্ষেত্র অনেকটাই প্রসারিত হয়ে যায়। এই পর্যায়ে শিক্ষার্থীদের সামনে প্রধানত দুটি জনপ্রিয় বিকল্প থাকে—বিএ ইকোনমিক্স (BA Economics) এবং বিএসসি ইকোনমিক্স (BSc Economics)।

আজকের প্রতিবেদনে এই দুই কোর্সের মূল পার্থক্য এবং কার জন্য কোন কোর্সটি সেরা, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

BA ইকোনমিক্স কোর্সটি আসলে কী?
বিএ ইকোনমিক্স মূলত সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে অর্থনীতিকে ব্যাখ্যা করে। এর মাধ্যমে সমাজ ব্যবস্থা, পাবলিক পলিসি, ইতিহাস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থার সম্পর্ক কতটা গভীর, তা শেখানো হয়। একজন ব্যক্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা সরকারের পক্ষ থেকে কীভাবে আর্থিক সিদ্ধান্তগুলি নেওয়া হয়, তা এই কোর্সের মূল আলোচ্য বিষয়। তবে বর্তমান সময়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিএ কোর্সের ভেতরেও উন্নতমানের গণিত ও পরিসংখ্যানের বিষয় যুক্ত করা হচ্ছে।

সিলেবাসে কী থাকে: মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্স, ভারতীয় অর্থনীতি, অর্থনৈতিক ইতিহাস, পাবলিক ইকোনমিক্স এবং আন্তর্জাতিক অর্থব্যবস্থা ইত্যাদি।

যোগ্যতা: হিউম্যানিটিজ, কমার্স এবং সায়েন্স—তিন ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরাই বিএ ইকোনমিক্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন।

BSc ইকোনমিক্স কোর্সের বিশেষত্ব কী?
অন্য দিকে, বিএসসি ইকোনমিক্স সম্পূর্ণভাবে গাণিতিক এবং লজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে অর্থনীতিকে বিশ্লেষণ করে। এতে গণিত, পরিসংখ্যান (Statistics) এবং অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণাত্মক পদ্ধতির ওপর বিশেষ জোর দেওয়া হয়। অর্থনৈতিক তত্ত্বর পাশাপাশি উচ্চমানের গণিত, ইকোনোমেট্রিক্স এবং ডেটা অ্যানালিসিসের ওপর গভীর প্রশিক্ষণ দেওয়া হয় এই কোর্সে।

সিলেবাসে কী থাকে: ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিকস, ইকোনোমেট্রিক্স, কোয়ান্টিটেটিভ মেথডস, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, ডেটা অ্যানালিসিস এবং ইকোনমিক মডেলিং ইত্যাদি।

যোগ্যতা: বিএসসি ইকোনমিক্সে ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণীতে গণিত বিষয়টি পড়া বাধ্যতামূলক।

ভর্তি প্রক্রিয়া: সাধারণত বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব এন্ট্রান্স টেস্ট কিংবা CUET UG-র স্কোরের ভিত্তিতে দুই কোর্স পক্ষেই ভর্তি নেওয়া হয়ে থাকে।

কোন কোর্সে কেরিয়ারের গ্রাফ উর্ধ্বমুখী হবে?
উভয় কোর্সই শিক্ষার্থীদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দেয়, তবে তাদের কাজের ক্ষেত্র কিছুটা আলাদা:

BA ইকোনমিক্স করলে: এই কোর্স শেষ করার পর শিক্ষার্থীরা অর্থনৈতিক গবেষণা (Economic Research), পাবলিক পলিসি, ডেভলপমেন্ট অর্গানাইজেশন, মার্কেট রিসার্চ, ব্যাংকিং, সাংবাদিকতা এবং সিভিল সার্ভিস বা সরকারি প্রশাসনে নিজেদের কেরিয়ার গড়তে পারেন।

BSc ইকোনমিক্স করলে: যাঁরা সংখ্যা, মডেলিং ও ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি আদর্শ। এর মাধ্যমে ফিন্যান্সিয়াল অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস, রিস্ক অ্যানালিসিস, কনসালটেন্সি এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের মতো হাই-পেয়িং সেক্টরে কাজের দারুণ সুযোগ পাওয়া যায়।

আপনার শক্তির জায়গা অর্থাৎ গণিতপ্রীতি নাকি তত্ত্বগত বিশ্লেষণ—তার ওপর ভিত্তি করেই সঠিক কোর্সটি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *