এনভিডিয়া সিইও-র ঘনিষ্ঠ আধিকারিকই চিনা গুপ্তচর? ৪০,০০০ কোটি টাকার চিপস নিয়ে কোন শিউরে ওঠা খবর সামনে এল?

সিঙ্গাপুরের বহুজাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্লাউড কম্পিউটিং সংস্থা ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’ (Megaspeed International) হঠাৎ করেই বিশ্বের এআই দুনিয়ার সবচেয়ে চর্চিত সংস্থায় পরিণত হয়েছে। অ্যাডভান্সড এনভিডিয়া (Nvidia) প্রসেসর কেনা এবং গ্রাহকদের ডেটা সেন্টার লিজ দেওয়ার ব্যবসার সঙ্গে যুক্ত এই সংস্থাটি এখন বড়সড় তদন্তের মুখোমুখি। সংস্থার প্রাক্তন শীর্ষ আধিকারিক অ্যালিস হুয়াং এবং এনভিডিয়া-র প্রভাবশালী সিইও জেনসেন হুয়াং-এর সঙ্গে জড়িত কিছু গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় বিশ্ব টেক-মহল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, অ্যালিস হুয়াং আদতে চিনের হয়ে তথ্য সংগ্রহের কাজ করছিলেন।

চিনা গেম কনেকশন থেকে ৪০,০০০ কোটি টাকার ব্যবসা
চিনের একটি সাধারণ গেমিং ব্যবসা থেকে যাত্রা শুরু করে অবিশ্বাস্য গতিতে উন্নতি করেছে মেগাস্পিড। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়া প্রসেসর আমদানিকারী বৃহত্তম সংস্থাগুলির অন্যতম এটি। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের নভেম্বরের মধ্যে সংস্থাটি প্রায় ৪.৬ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০,৪৮০ কোটি টাকা) মূল্যের এনভিডিয়া হার্ডওয়্যার আমদানি করেছে। এই বিপুল অংকের আমদানির পরেই মেগাস্পিডের আসল মালিকানা, অর্থ জোগানের উৎস এবং তাদের সার্ভার ও এডভান্সড প্রসেসরগুলি কোথায় রাখা হচ্ছে, তা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে।

ঠিক কী কাজ করে এই মেগাস্পিড?
সহজ কথায়, মেগাস্পিড হলো একটি এআই ক্লাউড কম্পিউটিং সংস্থা। এআই মডেল তৈরির জন্য যে হাজার হাজার অত্যন্ত দামি ও শক্তিশালী প্রসেসরের প্রয়োজন হয়, মেগাস্পিড তাদের সেই সুবিশাল ডেটা সেন্টার বা অবকাঠামো ভাড়ায় দেয়। ফলে গ্রাহক সংস্থাগুলিকে বিপুল টাকা খরচ করে নিজস্ব সার্ভার কেনা বা তা রক্ষণাবেক্ষণ করতে হয় না।

এআই মডেল ট্রেনিং, ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়াল সার্ভার, ডেটা স্টোরেজ ও মেশিন লার্নিং পরিকাঠামোর মতো বহুমুখী সেবা ভাড়া দিয়ে থাকে তারা। বিশ্বস্ত সূত্র অনুযায়ী, মেগাস্পিড-এর প্রযুক্তিসঙ্গী হিসেবে নাম রয়েছে এনভিডিয়া, ইনটেল (Intel) ও গিগাবাইটের (Gigabyte)। এছাড়া আলিবাবার (Alibaba) মতো চিনা টেক-দৈত্যও তাদের অন্যতম গ্রাহক বলে দাবি করা হলেও, আলিবাবার সঙ্গে কোনো গোপন আর্থিক যোগসাজশ এখনও প্রমাণিত হয়নি।

মেগাস্পিড-এর মালিকানা ও নেটওয়ার্ক
মেগাস্পিডের শুরুটা হয়েছিল ‘৭রোড ইন্টারন্যাশনাল’ নামের এক চিনা গেমিং সংস্থার হাত ধরে। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ‘হুয়াং লে লিমিটেড’ মেগাস্পিডকে তান ইয়ং পং (Tan Yong Pong) নামক ব্যক্তির মালিকানাধীন এক সিঙ্গাপুরি সংস্থার কাছে বিক্রি করে দেয়। আর এর মাত্র চার দিনের মধ্যেই মেগাস্পিড অফিশিয়ালি ‘এনভিডিয়া ক্লাউড পার্টনার’ হয়ে ওঠে।

সিঙ্গাপুরে প্রধান কার্যালয় হলেও মালয়েশিয়া (যেখানে তারা ‘স্পিডম্যাট্রিক্স’ নামে পরিচিত) ও ইন্দোনেশিয়ার জাকার্তাতেও এদের বড় ডেটা সেন্টার ও অফিস রয়েছে। লিঙ্কডইনে সংস্থায় ১০ জন কর্মীর উল্লেখ থাকলেও, তাদের সহযোগী সংস্থা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডেটা সেন্টারগুলিতে মোট কতজন কর্মরত তা স্পষ্ট নয়। ২০২৩ সালের শেষে মেগাস্পিডের হাতে প্রায় ৫০ কোটি টাকার নগদ অর্থ থাকলেও, কীভাবে তারা ৪০,০০০ কোটি টাকার চিপস আমদানি করল—সেই রহস্য ঘনীভূত হচ্ছে।

এনভিডিয়া সিইও বিতর্ক ও চিনা গুপ্তচর বৃত্তির অভিযোগ
ব্লুমবার্গ ও একাধিক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেগাস্পিডের প্রাক্তন এগজিকিউটিভ অ্যালিস হুয়াং-এর সঙ্গে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং-এর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দাদের বড় সন্দেহ, অ্যালিসকে চিনা গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছিল এনভিডিয়া ও মেগাস্পিডের ভেতর থেকে তথ্য জোগাড়ের জন্য। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, মার্কিন বিধিনিষেধ এড়িয়ে মেগাস্পিডের মাধ্যমেই কি এনভিডিয়ার নিষিদ্ধ ও ক্ষিপ্রতম এআই চিপ চিনের হাতে পৌঁছে যাচ্ছে?

যদিও মেগাস্পিড ও এনভিডিয়া দুই পক্ষই চিপস বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগ অস্বীকার করেছে। এনভিডিয়ার দাবি, তাদের অভ্যন্তরীণ তদন্তে চিপের কোনো অপব্যবহার বা পাচারের প্রমাণ মেলেনি। তবে পরিস্থিতি গম্ভীর দেখে সিঙ্গাপুর পুলিশ নিশ্চিত করেছে যে মেগাস্পিডের বিরুদ্ধে সরকারিভাবে তদন্ত চলছে। উপরন্তু, ৮ নভেম্বর এনভিডিয়াও বিষয়টি খতিয়ে দেখতে এক স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত মেগাস্পিডের সরাসরি চিনের হয়ে গুপ্তচরবৃত্তি বা বেআইনি চিপ পাচারের কোনো অকাট্য নথি সামনে আসেনি, তবুও এই ঘটনায় বিশ্ব তথ্যপ্রযুক্তি রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *