উৎসবের মরশুমে বড় বিপদ থেকে রক্ষা! কর্মভূমি এক্সপ্রেসে হঠাৎ আগুন, ধোঁয়ায় ঢাকল আকাশ

উৎসবের মরশুমে দূরপাল্লার ট্রেনে ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো। শুক্রবার পাঞ্জাবের পাটিয়ালার কাছে রাজপুরা অঞ্চলে চলন্ত ‘কর্মভূমি এক্সপ্রেস’ ট্রেনের প্যান্ট্রি কারে হঠাৎ আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ও বিষাক্ত কালো ধোঁয়া চারপাশের আরও তিনটি কামরায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও রেলের উদ্ধারকারী দল।

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমৃতসর থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেসটি শুক্রবার দুপুরে পাটিয়ালার সরাই বাঞ্জারা গ্রামের ওপর দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই ট্রেনের খাবারের কামরা বা প্যান্ট্রি কার থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় এবং সংলগ্ন কামরাগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। ছট পূজা ও উৎসবের মরশুম চলায় ট্রেনটিতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। আগুন দেখে ট্রেনের ভেতর ব্যাপক চিৎকার ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

ট্রেনের ভেতর আগুন দেখতে পেয়েই চালক বুদ্ধিমত্তা ও তৎপরতার সঙ্গে গতি কমিয়ে রাজপুরার কাছে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের দরজা খুলে হুড়মুড় করে শত শত আতঙ্কিত যাত্রী রেললাইনের ওপর নেমে পড়েন। প্রাণ বাঁচাতে লাইনের দু’পাশে দাঁড়িয়ে থাকা অসহায় যাত্রীদের চোখেমুখে ছিল চরম ভয়ের ছাপ। ছ ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, বহুদূর পর্যন্ত কালো ধোঁয়ার কুণ্ডলী ঢেকে ফেলেছে চারপাশ।

রেল সূত্রে খবর, চালকের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। ৪টি কামরা অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সময়মতো ট্রেন থামানোর কারণে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় আপাতত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *