বোতলের লেবেল নিয়েই যত গোলমাল! এফএসএসআই-এর কড়া আপত্তিতে কোণঠাসা কোন বিখ্যাত অ্যালকোহল ব্র্যান্ড?

ভারতের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী অ্যালকোহল ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’ (Old Monk) রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। গত মে-জুন মাস থেকেই মহারাষ্ট্রে বন্ধ রয়েছে এই পানীয়ের বিক্রি। এবার এই জটিলতা কাটাতে বম্বে হাই কোর্টে নিজেদের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়ে নতুন লেবেল জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রস্তুতকারক সংস্থা। মূলত ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র তীব্র আপত্তির ফলেই এই পথে হাঁটতে বাধ্য হয়েছে তারা।

কেন মহারাষ্ট্রে বন্ধ ওল্ড মঙ্কের বিক্রি? খোঁজ নিয়ে জানা গিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলিতে অবস্থিত ওল্ড মঙ্কের উৎপাদন কেন্দ্রে সম্প্রতি একটি বিশেষ পরিদর্শন চালিয়েছিল FSSAI-এর প্রতিনিধি দল। সেই পরিদর্শনের পরই এই পানীয়ের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। FSSAI-এর মূল আপত্তি ছিল ওই পানীয়ের নির্দিষ্ট উপাদান এবং বোতলের গায়ে সাঁটা লেবেলকে ঘিরে।

নিয়ন্ত্রক সংস্থার জোরালো দাবি, বোতলে যে উপাদানের কথা বলা হচ্ছে বা যেভাবে এটি বাজারজাত করা হচ্ছে, আদতে এটি প্রচলিত অর্থে খাঁটি ‘রাম’ (Rum) কি না, তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব ও বিভ্রান্তি রয়েছে। এই আপত্তির পরেই বোতলের গায়ে থাকা পণ্যের লেবেল দ্রুত বদলে ফেলার নির্দেশ দিয়েছিল FSSAI। খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের এই কঠোর অবস্থানের মুখে পড়ে অবশেষে সংস্থার পক্ষ থেকেও লেবেল পরিবর্তনের প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে। এখন দেখার, আইনি এই জটিলতা কাটিয়ে কবে ফের মহারাষ্ট্রের বাজারে স্বমহিমায় কামব্যাক করে এই জনপ্রিয় পানীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *