১ কোটির সিংহাসনে আসল ২৪ ক্যারেটের সোনা! রণবীর-যশের ‘রামায়ণ’-এর সেটের খরচ শুনে উড়বে হুঁশ

রণবীর কাপুর এবং দক্ষিণী মেগাস্টার যশের মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ এই মুহূর্তে দেশের সবচেয়ে দামি এবং সবচেয়ে চর্চিত ছবি। পরিচালক নীতীশ তিওয়ারির এই পৌরাণিক মহাকাব্যিক সিনেমাকে পর্দায় জীবন্ত করে তুলতে নির্মাতারা যে জলের মতো টাকা জল ঢেলেছেন, তা আর কারও অজানা নয়। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা সেটের ভেতরের এক বিস্ফোরক তথ্য সিনেমা প্রেমীদের পাশাপাশি পুরো বিনোদন জগতকে রীতিমতো চমকে দিয়েছে। ছবিতে রাবণের চরিত্রটি ফুটিয়ে তুলতে ব্যবহৃত সিংহাসন এবং শূর্পণখার বিশেষ রথ বানাতেই যা খরচ করা হয়েছে, সেই অঙ্কের হিসেব শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।
ছবিতে ‘লঙ্কেশ্বর রাবণ’-এর ভূমিকায় অভিনয় করছেন কন্নড় সুপারস্টার যশ। পর্দায় তাঁর রাজকীয় দাপট ফুটিয়ে তুলতে যে সিংহাসনটি তৈরি করা হয়েছে, তার পেছনে খরচ হয়েছে পাক্কা ১ কোটি টাকা! এই মেগা ছবির আর্ট ডিরেক্টর রমেশ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটের পেছনের এই এলাহি আয়োজনের হাঁড়ি ভেঙেছেন। তিনি জানিয়েছেন, শুধুমাত্র এই একটা বিশেষ সিংহাসন তৈরি করতেই তাঁদের একটানা ৪ মাসের কঠোর পরিশ্রম করতে হয়েছে। কাজটি মোটেও সহজ ছিল না। প্রথমে নরম মাটি দিয়ে বিশাল একটি নিখুঁত মডেল তৈরি করা হয়, তারপর তার থেকে ছাঁচ তুলে ফাইবার দিয়ে মূল কাঠামোটি নিখুঁতভাবে ঢেলে সাজানো হয়। তবে আসল চমক এখানেই শেষ নয়; সিংহাসনে রাজকীয় ও খাঁটি সোনার জ্যোতি আনতে সম্পূর্ণ খাঁটি ২৪ ক্যারেট সোনার পাত (Gold leafing) ব্যবহার করা হয়েছে।
শুধু রাবণের সিংহাসনই নয়, ছবিতে রাবণের বোন ‘শূর্পণখা’-র চরিত্রটিকেও অত্যন্ত এলাহি মেজাজে পর্দায় উপস্থাপন করা হয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পর্দায় তাঁর ব্যবহারের জন্য তৈরি বিশেষ রথটির খরচও শুনলে মাথা ঘুরে যাবে। টানা ৩ মাস সময় নিয়ে তৈরি করা এই রাজকীয় রথের পেছনে নির্মাতারা প্রায় ১.৫ কোটি টাকা ব্যয় করেছেন। চমকের এখানেই ইতি নয়; ছবির সেটে রামায়ণের পৌরাণিক চরিত্র ‘জটায়ু’-র যে সুবিশাল কঙ্কালটি তৈরি করা হয়েছে, সেটির উচ্চতা লম্বায় প্রায় ২৪ ফুট। পর্দায় পৌরাণিক দৃশ্যপটকে সম্পূর্ণ জীবন্ত ও বাস্তবসম্মত মনে করানোর জন্য কোনো খুঁটিনাটি বিষয়কেই বাদ দেননি নির্মাতারা।
‘রামায়ণ’ ছবির অন্যতম প্রধান কান্ডারী তথা প্রযোজক নমিত মলহোত্রা এই স্বপ্নের প্রজেক্টকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে খরচের ক্ষেত্রে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। মুম্বইয়ের বিখ্যাত ফিল্ম সিটিতে ‘প্রাইম ফোকাস’-এর স্টুডিয়োতে এই একক ছবির শুটিংয়ের জন্য ছোট-বড় মিলিয়ে ১৫০টিরও বেশি পৃথক সেট তৈরি করা হয়েছে। আর্ট ডিরেক্টর রমেশের কথায়, তিনি তাঁর কর্মজীবনে এর আগে প্রায় ৩০টি বড় মেগা বাজেটের ছবিতে কাজ করেছেন, কিন্তু এত বড় স্কেল ও বিপুল বাজেটের কাল্পনিক প্রজেক্টে তিনি আগে কখনও কাজ করেননি। সব মিলিয়ে দৃশ্যগত এই চরম আভিজাত্যই প্রমাণ করে যে ‘রামায়ণ’ ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন মাইলফলক গড়ে তুলতে চলেছে।