১০ দিনের মধ্যে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিন! ভোটার লিস্ট কাণ্ড নিয়ে নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ আদালতের

সংশোধনের জন্য বারবার আবেদন জানানো সত্ত্বেও ভোটার তালিকা (SIR Voter List) থেকে নাম কেটে বাদ দেওয়ার ঘটনায় এবার গোয়া প্রশাসনের বিরুদ্ধে এক অত্যন্ত কঠোর ও গুরুত্বপূর্ণ রায় দিল বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। উত্তর গোয়ার সান্টা ক্রুজ (Santa Cruz) বিধানসভা কেন্দ্রের বাসিন্দা পরেশ বসন্ত সালগাঁওকর এবং তাঁর পরিবারের পাঁচ সদস্যের নাম ভোটার তালিকায় অবিলম্বে পুনর্বহাল করার জন্য নির্বাচন কমিশনকে (ECI) স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালতের পানাজি বেঞ্চ। শুধু তাই নয়, আদালতের এই নির্দেশ কার্যকর করার জন্য কমিশনকে মাত্র ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে যাওয়ার আর্জি সরাসরি খারিজ
হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য রায়ের ওপর সাময়িক স্থগিতাদেশ (Stay) চেয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বিচারপতি বাল্মীকি মেনিজেস এবং বিচারপতি অমিত জামসান্দেকরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ কমিশনের সেই আর্জি সাফ নাকচ করে দেন।
আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টে বর্তমানে ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ (SIR) সংক্রান্ত যে বৃহত্তর মামলা বিচারাধীন রয়েছে, এই মামলাটির মূল বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। নাগরিকদের মৌলিক ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে দেওয়া এই রায়ে কোনোভাবেই স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। আদালতের এই কড়া পদক্ষেপে ভোটার তালিকা সংশোধনের নামে অনিয়মের শিকার হওয়া সাধারণ মানুষ বড় ধরনের আইনি স্বস্তি পেলেন বলেই মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।