আলু রপ্তানিতে কুইন্টালে সোজা ৫০ টাকা ক্যাশব্যাক! ভিনরাজ্যে আলু পাঠানোর পথে সমস্ত বাধা তুলে নিলেন মুখ্যমন্ত্রী?

রাজ্যের আলু চাষিদের জন্য একগুচ্ছ যুগান্তকারী ও স্বস্তিদায়ক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন ভিনরাজ্যে আলু রপ্তানি বা পাঠানোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও সীমানায় গাড়ি আটকে যাওয়ার মতো সমস্যায় পড়তে হতো চাষিদের। সেই সমস্ত জট কাটিয়ে এবার আলু চাষের বাণিজ্যে গতি আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। হুগলির পুরশুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে গাড়ি কিংবা ট্রেনের মাধ্যমে ভিনরাজ্যে আলু পাঠালেই কুইন্টাল প্রতি সরাসরি ৫০ টাকা করে পরিবহন ভর্তুকি দেওয়া হবে।
ফসল বিমা ও মূল্যের নিশ্চয়তা
চাষিদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করতে আলু চাষকে এবার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (Pradhan Mantri Fasal Bima Yojana)-র আওতায় আনার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বিমা পলিসি পাওয়ার জন্য কৃষকদের যে প্রিমিয়ামের অংশ মেটাতে হতো, তার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার।
এর পাশাপাশি, বাজারে আলুর দাম হাড়িয়ে যাওয়ার প্রবণতা রুখতে এবং চাষিদের ন্যায্য মূল্য দিতে ১,১২০ টাকা ফি-বন্ড মূল্যের পাশাপাশি বাজারদর পতন হলে সরকারি সহায়তারও সংস্থান রাখা হয়েছে।
হিমঘর ও অন্যান্য সুযোগ-সুবিধা
বর্তমান মরশুমে কোল্ড স্টোরেজে বা হিমঘরে জমে থাকা আলু নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারে নিয়ে আসার প্রক্রিয়া যেমন শুরু হয়েছে, তেমনই হিমঘরগুলির পরিকাঠামো উন্নত করতে এবং কৃষকদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করতে একাধিক আর্থিক বরাদ্দের ঘোষণা করা হয়েছে। সরকারের এই মেগা প্যাকেজ ঘোষণার ফলে বাংলার গ্রামীণ অর্থনীতিতে বড় ধরণের ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।