“প্রতিবাদের নামে অনির্দিষ্টকাল রাস্তা দখল চলবে না!” যন্তর মন্তর-রামলীলা ময়দান নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

প্রতিবাদের অধিকার সকলেরই রয়েছে, কিন্তু তার জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করা বা অনির্দিষ্টকালের জন্য সরকারি জায়গা দখল করে রাখা বরদাস্ত করা হবে না। দিল্লির যন্তর মন্তর ও রামলীলা ময়দানে লাগাতার বিক্ষোভ এবং তার জেরে জনজীবন স্তব্ধ হওয়া নিয়ে এক মামলার শুনানিতে এমনই স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, নাগরিকদের প্রতিবাদের অধিকারের পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
“সকলেই প্রতিবাদ করার সুযোগ পেতে হবে”
মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি অত্যন্ত জোরালো ভাষায় বলেন, “কেউই অনির্দিষ্টকালের জন্য একটা জায়গা দখল করে রাখতে পারেন না। তা হলে কৃষক, সাংবাদিক বা অন্য কেউ প্রতিবাদ করতে চাইলে, তাঁরা কোথায় যাবেন? সকলেরই অধিকার রয়েছে। তাই প্রতিবাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত।”
একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, “আমি এখন প্রতিবাদ করছি বলে অন্য কাউকে করতে দেবো না, এটা হতে পারে না।” আদালত আরও জানিয়েছে, পুলিশ যদি কাউকে প্রতিবাদের অনুমতি দেয়, তবে তার যেমন স্পষ্ট কারণ থাকা দরকার; তেমনই অনুমতি না দিলেও তার যথাযথ কারণ জানাতে হবে।
ব্যবসায়িক ক্ষতির অভিযোগে মামলা
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী বিক্ষোভ ও আন্দোলনের জেরে জনজীবন অচল হয়ে পড়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছে ‘কিরানা কমিটি দিল্লি’ নামে একটি ব্যবসায়িক সংগঠন। তাদের মূল বক্তব্য ছিল— যে এলাকায় বিক্ষোভ চলছে, তার আশেপাশে প্রায় ৫০ লক্ষ মানুষের বসবাস। লাগাতার এই আন্দোলনের জেরে আশপাশের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে এবং কনট প্লেসের মতো প্রাণকেন্দ্রে ক্রেতাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। কখনও বিশাল পুলিশবাহিনী মোতায়েন, কখনও মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়া আবার কখনও ইন্টারনেট বন্ধ থাকার ফলে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
কেন্দ্রকে নোটিস ও বিক্ষোভকারীদের পক্ষ শোনার নির্দেশ
ব্যবসায়ীদের এই আর্জি শোনার পর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে। তবে আদালত পরিষ্কার করে দিয়েছে যে, প্রতিবাদী সংগঠন বা বিক্ষোভকারীদের বক্তব্য না শুনে একতরফা কোনও নির্দেশ দেওয়া হবে না। সেই কারণে এই মামলাটিতে বিক্ষোভকারী সংগঠনকেও পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।