“জিতলে গণতন্ত্রের জয়, হারলেই বিপন্ন?” কলকাতায় পা রাখার আগেই রাহুল-মমতাকে ধুইয়ে দিলেন নিতিন নবীন!

রাজধানী কলকাতার রাজনৈতিক উত্তাপ বাড়াতে আজই বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দিতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কিন্তু কলকাতায় আসার আগেই বিহারের ভাগলপুর থেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে মেগাসিন তৈরি করে দিলেন তিনি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করে তাঁর প্রশ্ন— ভোটে জিতলে লোকতন্ত্রের জয়, আর হারলেই কি তা বিপন্ন হয়ে যায়?

“কেরল-তামিলনাড়ুতে জিতলে বিপন্ন হয় না?”

ইভিএম এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রতিনিয়ত তোলা প্রশ্নকে একহাত নিয়ে নিতিন নবীন বলেন, “আপনারা যখন ভোটে জেতেন, তখন বলেন লোকতন্ত্রের জয় হয়েছে। আর হেরে গেলেই চিৎকার করেন লোকতন্ত্র বিপন্ন!” এসআইআর (SIR) প্রসঙ্গ তুলে রাহুলের উদ্দেশ্যে তিনি বলেন, “এসআইআর-এর পর তামিলনাড়ুতে নির্বাচন হয়েছে, কেরলেও ভোট হয়েছে। সেখানে আপনারা জেতার পর তো লোকতন্ত্র বিপন্ন হওয়ার কথা বলেননি! কিন্তু বাংলায় হেরেই সব দোষ নির্বাচন ব্যবস্থার ওপর চাপানো শুরু হয়ে গেল।”

“বিরোধী আসনে বসার যোগ্য থাকবন না”

বাংলায় কংগ্রেস ও তৃণমূলের সমীকরণকে খোঁচা দিতে ছাড়েননি এই বিজেপি প্রধান। তিনি বলেন, “বাংলায় যে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে আপনারা হাঁটুমুড়ে হেরেছেন, এখন আবার তাঁদের সঙ্গেই হাত মিলিয়ে লোকতন্ত্র বাঁচানোর নাটক করছেন!” রাহুলের উদ্দেশ্যে তাঁর তীব্র কটাক্ষ— “আসলে দেশের লোকতন্ত্র বিপন্ন নয়, বিপন্ন আপনাদের বিরোধী দলের কুর্সি। আগামী দিনে দেশের জনতা আপনাদের বিরোধী আসনে বসার যোগ্যতাটুকুও রাখবে না।”

“মমতা-তেজস্বীদের মূল লক্ষ্য কেবল ক্ষমতা”

কেবল রাহুল গান্ধীই নন, বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোটের অন্যান্য শরিকদের তীব্র ভাষায় নিশানা করেছেন তিনি। নিতিন নবীনের সাফ বক্তব্য, “বিরোধীদের দলে বিহারের তেজস্বী যাদব হোন, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব কিংবা বাংলার মমতা দিদি—কাউকেই দেশের সাধারণ মানুষের স্বার্থ ভাবায় না। সকলের একটাই লক্ষ্য, যেকোনো উপায়ে ক্ষমতার অলিন্দে পৌঁছানো।”

“আমাদের কাছে সংবিধান ও জনগণের আস্থাই শেষ কথা”

গণতন্ত্র বাঁচানো ও সংবিধান রক্ষার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে নিতিন নবীন জানান, “ভারতীয় জনতা পার্টির কাছে লোকতন্ত্র রক্ষা করাই প্রথম ও প্রধান কর্তব্য। দেশের সংবিধান আমাদের কাছে সর্বাগ্রে। আমরা দেশের মানুষের ভরসা ও বিশ্বাসকে সর্বোচ্চ সম্মান দিই।”

বিরোধীদের প্রতি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, যখন দেশের কোটি কোটি মানুষের অটুট আস্থা ও বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর রয়েছে, তখন বিরোধীদের এই অনর্থক বিভ্রান্তি তৈরির অপচেষ্টা জনতাই ভেস্তে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *