৩৩ বছরের টিভি তারকার রহস্যমৃত্যু! এলার্ম বাজলেও সকালে ঘুম ভাঙল না অনুজের

মাঝরাতে নিয়ম করেই ভোর সাড়ে চারটের অ্যালার্মটা বেজে উঠেছিল। প্রতিদিনের মতো সেই পরিচিত শব্দে ঘুম থেকে উঠে শরীরচর্চা ও দৌড়ানোর প্রস্তুতি নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অ্যালার্মের শব্দে চারপাশ মুখরিত হলেও বিছানা থেকে আর ওঠা হলো না তাঁর। নিথর দেহ পড়ে রইল ঘরের ভেতর। মায়ের ডাকেও সারা না দেওয়ায় চিরকালের মতো ঘুমিয়ে পড়ার নির্মম সত্যিটি প্রকাশ্যে আসে। ভারতীয় টেলিভিশন জগতের অতি পরিচিত ও জনপ্রিয় মুখ, মাত্র ৩৩ বছর বয়সী অভিনেতা অনুজ ঠাকুর ঘুমের মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে।
ঘটনাটি গত ২৭ অক্টোবরের হলেও ২ নভেম্বর সোমবার তাঁর মৃত্যুর এই দুঃখজনক খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে নেমে এসেছে চরম শোকের ছায়া। খবর অনুযায়ী, রাতে স্বাভাবিকভাবেই ঘুমাতে গিয়েছিলেন অনুজ। তবে ঘুমানোর পর আর জেগে ওঠা হয়নি তাঁর। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু তথা কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার জানান, পরিবারের সূত্রে তিনি জানতে পেরেছেন যে ঘুমের মধ্যে হঠাৎ মারাত্মক খিঁচুনিতে আক্রান্ত হন অনুজ। সেই আচমকা শারীরিক জটিলতার কারণেই নিভে যায় এই তরুণ অভিনেতার জীবনপ্রদীপ।
সোশ্যাল মিডিয়ায় অনুজের সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতি ভাগ করে নিয়ে এক অত্যন্ত আবেগঘন পোস্ট দিয়েছেন রূপেশ সোনার। সেখানে তিনি লিখেছেন, অনুজ তাঁর কাছে কেবল একজন সহকর্মী বা বন্ধু ছিলেন না, ছিলেন নিজের ছোট ভাইয়ের মতো। ২০০৮ সালে হিট ধারাবাহিক ‘বন্ধন সাথ জনমো কা’-র শুটিং সেটে তাঁদের প্রথম পরিচয় হয়। তারপর দীর্ঘ পথচলায় একসঙ্গে একাধিক টেলিভিশন শো ও প্রজেক্টে কাজ করেছেন তাঁরা। অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কঠিন সংগ্রাম থেকে শুরু করে সাফল্য অর্জন—সবকিছুর প্রত্যক্ষ সাক্ষী ছিলেন রূপেশ। তিনি জানান, মৃত্যুর মাত্র ১০ দিন আগেও তাঁদের দেখা হয়েছিল। পর্দায় নতুন করে ফেরার জন্য ভীষণ উৎসাহিত ছিলেন অনুজ এবং তাঁদের মধ্যে বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে কথাও হচ্ছিল।
ছোট পর্দায় ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমো কা’, ‘বিন্দ বানোঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অনুজ ঠাকুর। তাঁর এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত প্রয়াণে ভেঙে পড়েছেন সহকর্মীরা। অভিনেতা ভাকুয়ার শেখ এবং ‘বিগ বস ১৮’-এর পরিচিত মুখ ইয়ামিনী মালহোত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করে স্মৃতিচারণ করেছেন। একজন অত্যন্ত নিয়মনিষ্ঠ, ফিটনেস-সচেতন ও উদীয়মান তারকার এমন অতর্কিত প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগী ও সহকর্মীরা।