‘৮০ হাজার কোটির স্ক্যাম, দুবাইয়ে ২০০ কোটির বিয়ে!’ সিবিআইয়ের জালে মহাদেব অ্যাপের মাস্টারমাইন্ড সৌরভ!

দেশের সর্বকালের অন্যতম বৃহত্তম অনলাইন বেটিং বা জুয়ার সাম্রাজ্য ‘মহাদেব অ্যাপ’ (Mahadev Betting App Scam)-এর মূল চক্রী সৌরভ চন্দ্রকরকে (Saurabh Chandrakar) অবশেষে ভারতে ফিরিয়ে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। হাজার হাজার মানুষকে প্রতারিত করে গড়ে তোলা অবৈধ হাজার কোটি টাকার সাম্রাজ্যের এই মাথাকে ইন্টারপোলের সহযোগিতায় ওমান থেকে প্রত্যর্পণ করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে এই সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ৭৫ হাজার থেকে ৮০ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে, যার বড় একটি অংশ হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছিল।
ইন্টারপোলের রেড কর্নার নোটিস ও মাসকট থেকে সিবিআইয়ের উদ্ধার অভিযান
ইন্টারপোলের (Interpol) রেড কর্নার নোটিসের ভিত্তিতে গত জুলাই মাসে ওমানের রয়্যাল পুলিশ সৌরভকে আটক করে। এরপর ভারত সরকারের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এবং আন্তর্জাতিক পুলিশি সহযোগিতায় তাঁকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু হয়।
প্রত্যর্পণের সমস্ত অনুমতি মেলার পর সিবিআইয়ের একটি বিশেষ দল মাসকটে পৌঁছায় এবং রবিবার তাঁকে বিমানে করে ভারতে নিয়ে আসা হয়। সৌরভের বিরুদ্ধে সিবিআইয়ের দুটি মামলা ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আর্থিক তছরুপের গুরুতর মামলা রয়েছে। রবিবার তাঁর জরুরি মেডিক্যাল টেস্ট করানোর পর ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে। সোমবারই রায়পুরের বিশেষ সিবিআই আদালতে তাঁকে সশরীরে পেশ করার কথা।
প্রতি মাসে ৯৫০ কোটি টাকা তুলে নেওয়ার ভয়ঙ্কর নেটওয়ার্ক!
সিবিআই ও ইডির যৌথ তদন্তে এই বেটিং সিন্ডিকেটের চাঞ্চল্যকর অপারেটিং মডিউল সামনে এসেছে:
-
৩২০০টি ফ্র্যাঞ্চাইজি প্যানেল: দেশের বাইরে থেকে পরিচালিত এই অ্যাপে ক্রিকেট, ফুটবল, তাসসহ নানা খেলায় বাজি ধরা হতো। গোটা দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩,২০০টি ফ্র্যাঞ্চাইজি প্যানেলের মাধ্যমে গ্রাহকদের টাকা সংগ্রহ করা হতো।
-
বিপুল আয়: প্রতিটি প্যানেল থেকে প্রতি মাসে গড়ে ৩০ লক্ষ টাকা তোলা হতো। অর্থাৎ কেবল প্রিমিয়াম প্যানেল থেকেই মাসে প্রায় ৯৫০ কোটি টাকা এবং বছরে প্রায় ১১,৪০০ কোটি টাকা অবৈধ আয় হতো।
-
তোলাবাজি ও ঘুষ: নির্বিঘ্নে এই জুয়ার কারবার চালানোর জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সরকারি আধিকারিকদের বিপুল অঙ্কের কাটমানি ও তোলা দেওয়া হতো।
দুবাইয়ের ২০০ কোটির বিয়েেই ধরে ফেলেছিল ইডি
২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে সৌরভ চন্দ্রকরের চোখধাঁধানো ও রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখেই প্রথম সন্দেহ হয় ইডির তদন্তকারীদের।
-
বিয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজনদের নাগপুর থেকে দুবাই নিয়ে যেতে একাধিক ব্যক্তিগত চার্টার্ড বিমান ভাড়া করা হয়েছিল।
-
একাধিক বলিউড তারকাকে পারফর্ম করানোর জন্য শত কোটি টাকা মেটানো হয়েছিল সম্পূর্ণ ক্যাশ ও হাওয়ালা মারফতে।
-
সেই একটি বিয়ের অনুষ্ঠানেই খরচ হয়েছিল প্রায় ২০০ কোটি টাকা!
সৌরভ চন্দ্রকর এবং তাঁর সহযোগী রবি উৎপলের তৈরি এই জাল এত দিন বিদেশে বসে চালনা করা হলেও, সৌরভের এই সফল প্রত্যর্পণের মাধ্যমে বিশাল এই আর্থিক কেলেঙ্কারির শিকড় পুরোপুরি উপড়ে ফেলা সম্ভব হবে বলে আশাবাদী সিবিআই ও ইডি।