IPL-এর পর এবার কি WPL-ও শাহরুখের এন্ট্রি? BCCI-এর মেগা ঘোষণায় তোলপাড়

সম্প্রতি শেষ হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) মেগা নিলাম। সেই নিলামের মঞ্চ থেকে বহু প্রতিভাবান মহিলা ক্রিকেটার দল পেলেও, বহু আনক্যাপড ও উদীয়মান তারকা ব্রাত্য থেকে গিয়েছেন। আর এই পরিস্থিতি খতিয়ে দেখেই ভারতীয় মহিলা ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করতে এক যুগান্তকারী পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টুর্নামেন্টে তরুণ প্রতিভাদের আরও বেশি করে সুযোগ দিতে ডব্লুপিএলে দলের সংখ্যা বাড়ানোর জোরালো ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। আর এর পরই জল্পনা শুরু হয়েছে—আগামী মরশুমে কি তবে শাহরুখ খানের কেকেআর (KKR) ফ্র্যাঞ্চাইজিও পা রাখতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগে?
কেন ডব্লুপিএলে দল বাড়ানো জরুরি? কী বলছেন বিসিসিআই সচিব?
বর্তমানে টুর্নামেন্টে ব্যাঙ্গালুরু, মুম্বই, দিল্লি, গুজরাট এবং উত্তরপ্রদেশ— এই পাঁচটি দল অংশ নেয়। কিন্তু সাম্প্রতিক নিলামে নাম নথিভুক্ত করা প্রায় ১৫০ জন ক্রিকেটারের মধ্যে মাত্র ২৭ জনকেই দলে নেওয়া সম্ভব হয়েছে। বাকি বহু প্রতিভাবান ক্রিকেটার অবিক্রিত থেকে যাওয়ায় বোর্ডের অন্দরে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, “আগামী বছর থেকে দলের সংখ্যা বাড়ানোর বিষয়ে আমাদের গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। দুই-একটি নতুন দল যুক্ত করার পাশাপাশি ক্রিকেটারদের জন্য দলগুলির পার্স ভ্যালু বা বাজেট বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কোচ, নির্বাচক ও বিশেষজ্ঞদের মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপ করবে বোর্ড। এতে ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া প্রতিভাবান প্লেয়াররাও আরও বেশি সুযোগ পাবেন।”
শাহরুখ খানের কেকেআর কি তবে এবার ডব্লুপিএলে?
ক্রিকেট মহলের একাংশের মতে, ডব্লুপিএলে দলের সংখ্যা বাড়লে সবার আগে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এর আগেও উইমেন্স প্রিমিয়ার লিগে দল কেনার জন্য জোরালো আগ্রহ প্রকাশ করেছিলেন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান। যদিও সেই সময় বিডের অঙ্ক কম থাকায় সেই লক্ষ্য পূরণ হয়নি। তবে বিশ্বজুড়ে বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ইতিমধ্যেই শাহরুখের মহিলা দল রয়েছে। ফলে আগামী মরশুমে দল বাড়ার সুযোগ তৈরি হলে কেকেআর ম্যানেজমেন্ট যে ফের ডব্লুপিএলে দল নামাতে বড় অঙ্কের বাজি ধরবে, তা একপ্রকার নিশ্চিত।
১৫ বছরের উমা কাশভীর সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বোর্ড
কম বয়সি প্রতিভাদের সুযোগ পাওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন বিসিসিআই সচিব। এবারের নিলামে মাত্র ১৫ বছর বয়সি আনক্যাপড অলরাউন্ডার উমা কাশভিকে ১০ লক্ষ টাকায় দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। এই ঘটনার প্রশংসা করে সাইকিয়া জানান, এত কম বয়সে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া ডব্লুপিএলের সাফল্যেরই সবচেয়ে বড় প্রমাণ। পাশাপাশি, এই টুর্নামেন্ট যে জাতীয় মহিলা দলের পারফরম্যান্স গ্রাফ চড়াতেও সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।