ক্লচ ছাড়াই বদলানো যাবে গিয়ার! আসছে নতুন KTM 200 Duke, টিজার আসতেই উন্মাদনা বাইকপ্রেমীদের

ভারতীয় বাইকপ্রেমীদের বহুল পছন্দের স্পোর্টস বাইক ‘কেটিএম ২০০ ডিউক’ (KTM 200 Duke) খুব শীঘ্রই এক নতুন ও আপডেট অবতারে দেশের বাজারে এন্ট্রি নিতে চলেছে। কেটিএম ইন্ডিয়ার পক্ষ থেকে ইতোমধ্যেই অফিশিয়ালি এই নতুন মডেলের প্রথম টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
যদিও টিজারে বাইকটির সম্পূর্ণ লুক বা ডিজাইন বিস্তারিতভাবে দেখানো হয়নি, তবে সম্প্রতি ডিলারশিপে স্পট হওয়া একটি ইউনিটের দৌলতে এর নতুন নতুন হাই-টেক ফিচারস সামনে এসেছে। জানা যাচ্ছে, এবার ২০০ সিসির এই বাইকটিতে কেটিএম-এর ফ্ল্যাগশিপ মডেল ২৫০ ডিউক এবং ৩৯০ ডিউকের একাধিক প্রিমিয়াম প্রযুক্তি যুক্ত করা হতে পারে।
যুক্ত হচ্ছে ‘বাই-ডিরেকশনাল কুইকশিফটার’
নতুন কেটিএম ২০০ ডিউকের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পরিবর্তন হতে চলেছে এতে বাই-ডিরেকশনাল কুইকশিফটার (Bi-directional Quickshifter) যোগ হওয়া। এই আধুনিক প্রযুক্তির ফলে রাইডার ক্লচ (Clutch) ব্যবহার না করেই নিমেষের মধ্যে গিয়ার আপসাইড বা ডাউনসাইড করতে পারবেন। এর ফলে গিয়ার শিফটিং যেমন অত্যন্ত সহজ হবে, তেমনই গতিপ্রেমী রাইডারদের বাইক চালানোর অনুভূতি আরও মসৃণ ও আকর্ষণীয় হয়ে উঠবে। এত দিন এই সুবিধা কেবল কেটিএম-এর প্রিমিয়াম ২৫০ ও ৩৯০ ডিউকেই সীমাবদ্ধ ছিল।