মাঠেই অম্পায়ারের সাথে চরম ঝামেলা! বড় শাস্তির মুখে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ

ইংল্যান্ডের বিরুদ্ধে লাহোরে আয়োজিত একদিনের আন্তর্জাতিক (ODI) ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড়সড় শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের গতি তারকা হারিস রউফ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তারকা এই পাক পেসারকে কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। নিয়ম ভাঙায় হারিস রউফকে চরম তিরস্কার করার পাশাপাশি ভারী আর্থিক জরিমানাও করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

কত টাকা জরিমানা ও কটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো?

আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আচরণবিধির লেভেল-১ (ধারা ২.২) লঙ্ঘনের কারণে হারিস রউফের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। শুধু আর্থিক জরিমানাই নয়, তাঁর নামের পাশে যুক্ত করা হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।

গত ২৪ মাসের মধ্যে এটি ছিল পাক তারকার তৃতীয় অপরাধ। এই শাস্তির পর গত দুই বছরে হারিস রউফের মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়াল ৫-এ। যা আগামীতে তাঁর ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিল।

আসলে মাঠে কী ঘটেছিল?

পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভারে এই বিতর্কিত ঘটনাটি ঘটে। ব্যাটিং করার সময় নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা হারিস রউফ আম্পায়ারের কাছে একটি ওয়াইড বলের জন্য জোরালো আবেদন জানান। ঠিক সেই মুহূর্তে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সাথে তাঁর কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন-ফিল্ড আম্পায়ার হারিস রউফকে থামানোর চেষ্টা করেন এবং সতর্কবার্তা দেন। কিন্তু অ্যাম্পায়ারের সেই বারণ তোয়াক্কা না করে উল্টে তাঁর সাথেও তুমুল বচসায় জড়িয়ে পড়েন এই পাক পেসার। ম্যাচ শেষে আম্পায়ারের রিপোর্ট ও নিয়মনীতি পর্যালোচনার পরই এই কড়া সিদ্ধান্ত নেয় আইসিসি।

শাস্তি পেল গোটা ইংল্যান্ড দলও

উল্লেখ্য, উক্ত ম্যাচে কেবল পাক পেসার হারিস রউফই নন, জরিমানার মুখে পড়তে হয়েছে পুরো ইংল্যান্ড ক্রিকেট দলকেও। তবে ইংলিশ ব্রিগেডের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্লো ওভার রেটের (Slow Over-Rate) কারণে। নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম বল করায় ইংল্যান্ড দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *