৩ বার এশিয়ান গেমসে সোনা জয়! বিষ খেয়ে জীবন শেষ করলেন ভারতের তারকা অ্যাথলিট, স্তম্ভিত ক্রীড়াজগৎ

ভারতীয় ক্রীড়াজগতে নেমে এলো এক গভীর শোকের ছায়া। এশিয়ান প্যারা গেমসে টানা তিনবারের স্বর্ণপদক জয়ী ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ যাদব (Neeraj Yadav) আর নেই। নিজের ফ্ল্যাটে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন এই সফল প্যারা-অ্যাথলিট। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ক্রীড়া মহলে তীব্র চাঞ্চল্য ও শোকের পরশ ছড়িয়ে পড়েছে।

দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার দিল্লির জিটিবি (GTB) হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সুমিত আন্তিল এবং প্যারা-অ্যাথলেট বিপিন কাসানা। তবে ঠিক কী কারণে নীরজ এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে পুলিশ ও আধিকারিকদের মধ্যে ধোঁয়াশা রয়ে গেছে।

ভারতের প্রধান প্যারা-অ্যাথলেটিক্স কোচ এস. সত্যনারায়ণ এই মর্মান্তিক ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, সাম্প্রতিক সময়ে খেলায় চার বছরের নিষেধাজ্ঞা ও তার থেকে তৈরি হওয়া মানসিক চাপের কারণেই হয়তো চরম অবসাদে ভুগছিলেন নীরজ।

৪ বছরের নির্বাসন ও মানসিক অবসাদ:

উত্তরপ্রদেশের বাসিন্দা নীরজ যাদব মাত্র ৭ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর খেলার অদম্য জেদকে দমাতে পারেনি। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত হুইলচেয়ার টেনিস খেলার পর তিনি প্যারা-অ্যাথলেটিক্সে মন দেন। ২০২২ এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন থ্রো-র এফ৫৫ (F55) বিভাগে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন তিনি।

তবে ২০২৩ সালের নভেম্বরে ডোপিং সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নীরজের ওপর চার বছরের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নির্বাসন ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল, যার ফলে ২০২৬ এশিয়ান প্যারা গেমসেও তাঁর অংশগ্রহণের সুযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। ঘনিষ্ঠদের ধারণা, দেশের জন্য একাধিক সোনা জয়ী এই অ্যাথলিটকে খেলায় নির্বাসিত হওয়ার এই চরম আঘাত ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। সেই হতাশা থেকেই কি তিনি এই করুণ পথ বেছে নিলেন? খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *