‘কাতিল নই, আশিক!’ একহাতে গোলাপ, চোখে খুনে চাউনি! ‘কিং’-এর নয়া পোস্টারে এ কোন শাহরুখ?

চোখে সেই চেনা আগুনে চাউনি, আর মুখে ধরা একটি তাজা গোলাপ। এক ঝলকেই যেন ধরা দিলেন দুই ভিন্ন শাহরুখ খান (Shah Rukh Khan)—একদিকে যাঁর ইমেজে মারকাটারি অ্যাকশনের দুর্ধর্ষ নায়ক, অন্যদিকে বলিউডের সর্বকালের সেরা ‘রোম্যান্টিক কিং’!
মঙ্গলবার মুক্তি পেল শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত আগামী ছবি ‘কিং’-এর একদম নতুন পোস্টার (Shah Rukh Khan’s New King Poster)। আর সেই চোখধাঁধানো পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বাদশা নিজে লিখলেন, “আজ আবার মনে পড়ল… কাতিল নই, আশিক!”
অর্থাৎ, অভিনেতা স্পষ্ট করে দিলেন তিনি খুনি নন, প্রেমিক! কিন্তু নতুন এই পোস্টারের দিকে তাকালে তাঁর অনুরাগীরা একবাক্যে স্বীকার করবেন—এই প্রেমিকের চোখেই কিন্তু প্রতিপক্ষকে কোতল করার মতো তীব্র ধার রয়েছে!
বড়দিনে অ্যাকশন ও রোম্যান্সের ডাবল ধামাকা
ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা বাজেট ছবি ‘কিং’। নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে, ছবিতে কি মারকাটারি অ্যাকশনের পাশাপাশি ভরপুর প্রেমের রসায়নও দেখতে পাবেন দর্শকরা? একদিকে ‘অ্যাকশন হিরো’, অন্যদিকে ‘কিং অব রোম্যান্স’—দুই বিপরীত রূপেই কি পর্দায় ঝড় তুলবেন শাহরুখ? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে অবশ্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে বড়দিনের আগের দিন পর্যন্ত।
নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের সঙ্গে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ‘কিং’ ছবিতে তাঁর চরিত্র নিয়ে খোলামেলা কথা বলেছিলেন শাহরুখ খান। তিনি জানিয়েছিলেন, ছবিতে তাঁর চরিত্রটি বেশ নির্মম এবং তাতে একটি ধূসর (Grey Shades) শেড রয়েছে।
শুধু তাই নয়, চিরাচরিত নায়ক ও খলনায়কের ব্যবধানে যে তিনি বিশেষ বিশ্বাস করেন না, সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন অভিনেতা। উদাহরণ হিসেবে টেনে এনেছিলেন তাঁর কেরিয়ারের শুরুর দিকের কালজয়ী ছবি—‘ডর’, ‘ডন’, ‘অঞ্জাম’ এবং ‘বাজিগর’-এর কথা। যেখানে সাধারণ নায়কসুলভ ভাবমূর্তির গণ্ডি ভেঙে ভিলেনের ভূমিকায় অভিনয় করেই বিশ্বজুড়ে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি।
তারকার মেলা ও বক্স অফিসে মহাযুদ্ধ
‘কিং’ ছবিতে শাহরুখের পাশাপাশি স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে একঝাঁক প্রথম সারির তারকাদের। ছবিতে থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি এবং অনিল কাপুর। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স।
চলতি বছরের শেষলগ্নে বক্স অফিসেও কিন্তু জমে উঠেছে সুমহাযুদ্ধের প্রস্তুতি। বড়দিনের মরশুমে ‘কিং’-এর সামনে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের শততম ছবি ‘কিং ১০০’। তবে বক্স অফিসের এই মেগা লড়াইয়ের আগেই স্রেফ একটি গোলাপ হাতেই নেটদুনিয়া বাজিমাত করে ফেলেছেন শাহরুখ খান। এখন প্রেক্ষাগৃহে এই ‘আশিক’ ঠিক কতটা ঝড় তোলেন, সেটাই দেখার বিষয়!