MP Police SI Exam 2026: পরীক্ষার দিন ঘনাতেই প্রকাশিত অ্যাডমিট কার্ড! মিস করলেই হাতছাড়া হতে পারে ৫০৭টি চাকরি

মধ্যপ্রদেশে পুলিশ বিভাগে যোগদানের স্বপ্ন দেখা চাকরিপ্রার্থীদের জন্য জরুরি খবর। সূবেদার এবং সাব-ইনস্পেক্টর (SI) নিয়োগের প্রাথমিক লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে মধ্যপ্রদেশ কর্মচারী নির্বাচন বোর্ড (MPESB)। যে সমস্ত পরীক্ষার্থী আবেদন করেছিলেন, তাঁরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট esb.mp.gov.in-এ গিয়ে নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে রাজ্যের বিভিন্ন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এই প্রাথমিক লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে। মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র (পুলিশ) বিভাগে মোট ৫০৭টি শূন্যপদ পূরণের লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি:
১. প্রথমে MPESB-এর অফিসিয়াল ওয়েবসাইট esb.mp.gov.in-এ প্রবেশ করুন।
২. হোমপেজে থাকা ‘Admit Card’ সেকশনে যান।
৩. ‘Police Sub-Inspector / Subedar Recruitment Exam Admit Card’ লিঙ্কটিতে ক্লিক করুন।
৪. নিজের আবেদন সংখ্যা (Application Number) এবং জন্মতারিখ (Date of Birth) সঠিক জায়গায় লিখুন।
৫. তথ্য জমা (Submit) করতেই স্ক্রিনে ফুটে উঠবে আপনার অ্যাডমিট কার্ড।
৬. এটি ডাউনলোড করে অন্তত ২ কপি প্রিন্টআউট বের করে সুরক্ষিত রাখুন।
বিশেষ দ্রষ্টব্য: বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর অবশ্যই তাতে নিজের নাম, রোল নম্বর, ছবি, স্বাক্ষর, পরীক্ষার কেন্দ্র এবং রিপোর্টিং টাইম ঠিক রয়েছে কি না ভালোভাবে যাচাই করে নেবেন। পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।