কাশীর আকাশে গর্জে উঠল রাফাল-সুখোই! মোদীর সামনে এ কোন রোমহর্ষক দৃশ্য দেখল বারাণসী?

বাবা বিশ্বনাথের আবাস তথা বাঙালির অত্যন্ত প্রিয় তীর্থভূমি বারাণসী। সেই পবিত্র আধ্যাত্মিক ভূমিতেই এবার বেজে উঠল পরাক্রমের সুর! গঙ্গার বুকে ওড়ার পর একের পর এক যুদ্ধবিমানের রোমহর্ষক কসরতে কেঁপে উঠল বারাণসীর আকাশ। রবিবার নিজের লোকসভা আসন বারাণসীতে বসে ‘উইংস ওভার গঙ্গা’ থিমে আয়োজিত ভারতীয় বায়ুসেনার এই বর্ণাঢ্য ও চোখধাঁধানো এয়ার শো স্বচক্ষে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন সকালে ভারতীয় বায়ুসেনার বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বারাণসীর সুপরিচিত নমো ঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী। ভারতীয় বায়ুসেনার ৯৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এই হাই-ভোল্টেজ এয়ার শো। বারাণসীর নমো ঘাটে আয়োজিত ‘এয়ার ফোর্স ডে এরিয়াল ডিসপ্লে ২০২৬’-এর মূল আকর্ষণ ছিল বায়ুসেনার সুনিপুণ ফর্মেশন এবং দেশের গর্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির আকাশ ছোঁয়া মহড়া। এই জমজমাট অনুষ্ঠানের মাধ্যমেই মূলত ভারতের আকাশসীমার শক্তি এবং সেনাবাহিনীর বিশেষ অভিযানের মুন্সিয়ানা বিশ্বমঞ্চে তুলে ধরা হয়।
আকাশে যুদ্ধের রণকৌশল ও ফর্মেশনের জাদু: এদিনের শোয়ে একে একে ফুটিয়ে তোলা হয় একাধিক চোখধাঁধানো ফর্মেশন। নমো ঘাটে প্রথমেই নজর কাড়ে ‘ক্যালাশ ফর্মেশন’। যার মাধ্যমে বায়ুসেনার পরিবহণ ও বিশেষ অভিযান চালানোর অসাধারণ সক্ষমতা প্রদর্শিত হয়। শক্তিশালী C-130J সুপার হারকিউলিস বিশেষ অভিযান বিমানটি ‘ভি’ আকৃতির ফর্মেশনের নেতৃত্ব দেয়, যার দুপাশে ছিল দুটি An-32 মাঝারি পরিবহণ বিমান।
এরপর আকাশে আত্মপ্রকাশ করে বিখ্যাত ‘বিশ্বনাথ ফর্মেশন’। যেখানে পরাক্রমশালী Su-30MKI যুদ্ধবিমানগুলি তাদের পরিচিত তিন বিমানের ‘ত্রিশূল স্প্লিট’ প্রদর্শন করে। আকাশে একসঙ্গে তীব্র গতিতে উড়ে এসে নির্দিষ্ট কৌশলে বিমানের মুহূর্তেই আলাদা হয়ে যাওয়ার এই দৃশ্য দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এ ছাড়াও তিরের ফলার মতো ‘অ্যারোহেড’ ফর্মেশনে দেখা যায় ৬ বিমানের শক্তিশালী দল ‘প্রচণ্ড’-কে।
সবচেয়ে বড় রোমাঞ্চ অপেক্ষা করছিল ‘হনুমান’ ফর্মেশনের জন্য। একটি Su-30MKI যুদ্ধবিমান গঙ্গার উপর প্রায় ৯ মিনিট ধরে এমন চোখধাঁধানো ও ঝুঁকিপূর্ণ কসরত দেখায়, যা দেখে মনে হচ্ছিল মাধ্যাকর্ষণ শক্তিকেও যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিমানের দক্ষ পাইলটরা! পাশাপাশি বিশ্বের মাত্র পাঁচটি শীর্ষস্থানীয় হেলিকপ্টার প্রদর্শনী দলের অন্যতম ভারতীয় বায়ুসেনার ‘সারং’ দলও তাদের দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তিন দিনের এয়ার শো-তে তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH) প্রচণ্ড, Su-30MKI এবং রাফালের মতো বিশ্বমানের যুদ্ধবিমানের পাশাপাশি একাধিক পরিবহণ বিমানও অংশ নেয়।
বস্ত্রশিল্পে বড় উপহার: এদিকে বায়ুসেনার এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বারাণসীর তাঁতি ও বস্ত্রশিল্পের প্রসারে বড় উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নবনির্মিত অরবিন্দ মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি প্রায় ৩০০ জন স্থানীয় মহিলার সঙ্গে কথা বলে তাঁদের কাজের খোঁজখবর নেন তিনি।