পুজোর ছুটির পরেই কি খুলছে গালিফ স্ট্রিটের পোষ্য হাট? জানাল ব্যবসায়ী সমিতি

আইনি লড়াই আর কড়াকড়ির জেরে গত কয়েক মাস ধরে শিরোনামে থাকা কলকাতার শতাব্দী প্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য হাট নিয়ে ক্রেতাদের মনে দানা বেঁধেছিল নানা ধন্দ। সেপ্টেম্বর মাসে হাইকোর্টের কড়া নির্দেশের পর টানা তিন সপ্তাহ বন্ধ ছিল এই বিখ্যাত হাট। এরপর প্রশাসনের নজরদারি ও কঠোর বিধিমালার মধ্যেই গত ১১ অক্টোবর পুরোদমে বসেছিল হাট। তবে গত ১৮ অক্টোবর রবিবার সপ্তমী পড়ার কারণে হাট বন্ধ রাখা হয়। আর ঠিক এই নিয়েই ক্রেতাদের মনে প্রশ্ন তৈরি হয়েছিল, তবে কি আগামী ২৫ অক্টোবরও হাট বন্ধ থাকবে? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মিলল বড় আপডেট।

গালিফ স্ট্রিট পেট মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সুলিপ্ত মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হাটের রাস্তাটা ১৮ অক্টোবর খোলা ছিল। তাই আমরা হাট বন্ধ রেখেছিলাম। ২৫ অক্টোবর নিয়ম মেনে হাট বসবে।” ফলে আগামী রবিবার সব জল্পনা উড়িয়ে স্বাভাবিক নিয়মেই বসতে চলেছে এই হাট।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টে অভিযোগ উঠেছিল যে, কলকাতার এই ঐতিহ্যবাহী হাটে লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে ব্যবসা চালাচ্ছেন অধিকাংশ ব্যবসায়ী। এমনকি হাটে নিষিদ্ধ বন্যপ্রাণী ও পাখি বিক্রির অভিযোগও সামনে আসে। এরপরই আদালতের নির্দেশে নড়েচড়ে বসে প্রশাসন। কড়া পদক্ষেপের জেরে হাটে একাধিক দেশীয় পাখি, রঙিন মাছ এবং নির্দিষ্ট কিছু গাছ বিক্রি নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের জন্য বিশেষ পরিচয়পত্র বা আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়।

প্রশাসনের এই কঠোর নজরদারি এবং নতুন নিয়ম মেনেই আগামী ২৫ অক্টোবর রবিবার যথারীতি খুলবে গালিফ স্ট্রিটের হাট। ক্রেতারাও নির্দিষ্ট নিয়ম মেনে কেনাকাটা করতে পারবেন বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *