“আমরা বাংলাদেশ বা নেপাল নই!” দেশের সরকার বদল নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রকাশ রাজের

দেশের বর্তমান শাসক দলের পতন চান তিনি, তবে তা হিংসার পথে নয়, বরং সম্পূর্ণ গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে। শুক্রবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আটক হওয়ার ঘটনার পর এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন বিশিষ্ট অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সাম্প্রতিককালে বাংলাদেশ ও নেপালের গণবিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
বাংলাদেশ বা নেপালের পথ নয়, ভরসা সংবিধান: সাম্প্রতিক অতীতে ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভের জেরে সরকার পরিবর্তনের ঘটনা ঘটেছিল। সেই প্রসঙ্গ টেনেই প্রকাশ রাজ বলেন, “আমরা চাই এই শাসকের পতন হোক। আর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই সেই পরিবর্তন আনব। আমরা নেপাল নই, আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন, গান্ধী আছেন, ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোটাধিকার আছে।” পাশাপাশি, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশ থেকেই এই লড়াই শুরু করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
প্রতিবাদ দমাতে বলপ্রয়োগ করছে সরকার: নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে প্রতিবাদ চালিয়ে আসছে CJP। শুক্রবার দিল্লিতে তেরঙা মিছিলের আগে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুলিশের আটক করার তীব্র সমালোচনা করেন প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, সরকার প্রতিবাদীদের সঙ্গে আলোচনার রাস্তা মাড়াচ্ছে না, বরং বলপ্রয়োগ করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে।
প্রকাশের মতে, “আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আমাদের এই জায়গায় ঠেলে দিয়েছেন। আপনারা বলপ্রয়োগ করছেন।” শান্তিপূর্ণ প্রতিবাদ ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের দাবিকে কখনই অরাজকতা বলা চলে না বলে দাবি করেন তিনি। তাঁর স্পষ্ট কথা, নাগরিকদের হাতে কোনো অস্ত্র নেই, তাঁদের একমাত্র অস্ত্র হলো দেশের সংবিধান।
প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি প্রশ্ন: শুক্রবার তেরঙা মিছিলের আগে প্রতিবাদীদের আটক করার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় ‘হর ঘর তেরঙা’ ক্যাম্পেইনের কথা মনে করিয়ে দেন এই অভিনেতা। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, “আপনার ‘হর ঘর তেরঙা’ স্লোগানের কী হলো? এই দেশের যুবসমাজ তো তেরঙা নিয়ে পথেই হাঁটতে চায়।”
পুলিশি পদক্ষেপে প্রতিবাদী ও মহিলাদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলেও অভিযোগ তোলেন প্রকাশ রাজ। আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলিকে সংসদের অন্দরে এই বিষয়টি জোরালোভাবে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী দিনে কৃষক সংগঠন, সংযুক্ত কিষান মোর্চা এবং বিভিন্ন নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দেওয়ার হুঙ্কার দিয়েছেন প্রকাশ রাজ।