লোকসভা ভোটের ভরাডুবি অতীত! উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে কাদের ওপর ভরসা রেখে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড়সড় ধাক্কা খেয়েছিল ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজ্যে দলের আসন সংখ্যা ৬২ থেকে সরাসরি কমে দাঁড়িয়েছিল ৩৩টিতে। এই ফলাফলের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে, আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির তাদের রণকৌশল বা নেতৃত্বে বড় পরিবর্তন আনবে কি না। পাশাপাশি, সমাজবাদী পার্টির তরফেও রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে মতপার্থক্যের দাবি তুলে জোরদার প্রচার চালানো হচ্ছিল। তবে সমস্ত জল্পনা ও প্রচারকে উড়িয়ে দিয়ে সামনে এল বড় খবর।

বিজেপি সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধীদের সমস্ত দাবি নিছক অপপ্রচার প্রমাণ করে আগামী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বেই ময়দানে নামবে পদ্ম শিবির। খুব শীঘ্রই দলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকা যোগীর নেতৃত্বেই এর আগে দল ৩ শতাধিক আসন নিয়ে বিপুল জয় পেয়েছিল। যদিও গত লোকসভা নির্বাচনে অযোধ্যাসহ একাধিক অঞ্চলে হারের মুখ দেখতে হয়েছিল বিজেপিকে, তবুও যোগী আদিত্যনাথের ওপরই দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে ফের পূর্ণ আস্থা রাখছে, তা স্পষ্ট।

অন্যদিকে, প্রতিবেশী রাজ্য উত্তরাকাণ্ডেও পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ২০২১ সাল থেকে দায়িত্ব সামলানো মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-র নেতৃত্বেই ২০২৭ সালের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লড়াই করবে বিজেপি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে উত্তরাখণ্ডের পাঁচটি আসনেই জয় পেয়েছিল পদ্ম শিবির। দুই রাজ্যেই পুরোনো মুখ্যমন্ত্রীদের ওপর ভরসা রেখে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিল যে, বিরোধীদের চক্রান্ত বা গুঞ্জনকে পাত্তা না দিয়ে কাজের পারফরম্যান্স এবং পুরনো মুখের ওপরই আস্থা রাখতে চলেছে দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *