পুজোয় বেপরোয়া চালকদের দিন শেষ! ট্রাফিক আইন ভাঙতেই এক রাতে ৪৯৫টি মামলা দায়ের

দুর্গাপুজোর উৎসবে শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে বজায় রাখতে এবার শুরু থেকেই সর্বোচ্চ তৎপরতা দেখাল কলকাতা পুলিশ। মহাষষ্ঠীর দিনেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া শহরজুড়ে চলা এই বিশেষ অভিযানে ২.৪ লিটার অবৈধ মদও উদ্ধার করেছে পুলিশ।

পুজোর কদিন শহরের রাজপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং মদ্যপ বা বেপরোয়া গাড়ি চালানো রুখতে রাস্তায় নেমেছিল ট্রাফিক বিভাগ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মহাষষ্ঠীর রাতে ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগে মোট ৪৯৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হেলমেট ছাড়াই বাইকে একাধিক সওয়ার হওয়ার অভিযোগে ১৮৯টি মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি, অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৫টি মামলা এবং কড়া পদক্ষেপে ৮৫টি যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে শুধু রাজপথেই নয়, উৎসবের ভিড় সামলাতে কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনগুলিতেও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনীও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *