গুজরাটে ৪১ বছরের খরা! বিজেপির মেগা জয়ের পরই কংগ্রেসকে তুলোধোনা করে কী বললেন অমিত শাহ?

গুজরাটের পুরভোট এবং দেশের একাধিক রাজ্যের উপনির্বাচনে গেরুয়া ঝড়ের পর কংগ্রেসকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, দেশের সাধারণ মানুষ এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের নীতির সঙ্গেই রয়েছেন। একইসঙ্গে ২০২৯-এর লোকসভা নির্বাচন নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা উসকে দিয়েছেন তিনি।

গুজরাট থেকে বাংলা—বিজেপির জয়জয়কার: সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পরিসংখ্যান টেনে অমিত শাহ জানান, গুজরাটের পুরভোটে কংগ্রেসের ৩২টি আসনে জামানত জব্দ হয়েছে। বিশেষ করে রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন, “১৯৮৫-র পর থেকে দীর্ঘ ৪১ বছর ধরে গুজরাটে একটিও নির্বাচনে জিততে পারেনি কংগ্রেস। এটা কি তবে এসআইআরের ফল?”

পাশাপাশি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির উপনির্বাচনে বিজেপির দুর্দান্ত সাফল্যের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বাংলার নন্দীগ্রামে ১ লক্ষ ২২ হাজার এবং রেজিনগরে ৭৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছে বিজেপি। এই সমস্ত উপনির্বাচনে কংগ্রেস একটিও আসন পায়নি বলে কটাক্ষ করে শাহ জানান, কংগ্রেসের এখন আত্মপীড়ন বা আত্মসমীক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বিরোধীদের বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনকে নিছক অজুহাত বলে উড়িয়ে দিয়ে অমিত শাহের এই হুঙ্কার জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *