বাংলার ৩৭ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলছে সুতোয়! নিষ্পত্তি হতে লাগবে ১২ বছর? সুপ্রিম কোর্টে বিরাট পদক্ষেপ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (Special Intensive Revision)-কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নজিরবিহীন প্রশাসনিক জটিলতা। ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়া সংক্রান্ত বিরোধের জেরে ট্রাইব্যুনালগুলিতে জমে উঠেছে পাহাড়প্রমাণ আবেদন। বর্তমানে রাজ্যে ঝুলে রয়েছে প্রায় ৩৭ লক্ষেরও বেশি আপিল! বিপুল এই জট কাটিয়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এবার সরাসরি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ভারতের নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা নিয়ে আপিল ট্রাইব্যুনালগুলিতে ৩৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। কিন্তু বর্তমান পরিকাঠামোয় তার মধ্য থেকে মাত্র এক লক্ষেরও কিছু বেশি আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। ফলে এখনও অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে ৩৭ লক্ষ ১৮ হাজারের বেশি আপিল।
বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, ট্রাইব্যুনালের বর্তমান গতিতে এই বিপুল আবেদনের শুনানি শেষ করতে প্রায় এক দশকেরও বেশি সময় লেগে যেতে পারে! সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন এগিয়ে আসায় লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সেই কারণেই শুনানির গতি বহুগুণ বাড়াতে সুপ্রিম কোর্টের নজরদারিতে নতুন এবং অতিরিক্ত আপিল ট্রাইব্যুনাল গঠনের জোরালো প্রস্তাব জানিয়েছে কমিশন।
শীর্ষ আদালত এই প্রস্তাবে সবুজ সংকেত দিলে রাজ্যে এক ধাক্কায় আরও একাধিক নতুন ট্রাইব্যুনাল কার্যকর হবে, যা লক্ষ লক্ষ আবেদনকারীর ভাগ্য নির্ধারণের প্রক্রিয়াকে দ্রুততর করবে বলে মনে করা হচ্ছে।