রান্নার ভুলেই কি ভাত আধসেদ্ধ বা শক্ত হয়ে গেছে? হেঁশেলে থাকা এই সহজ টোটকায় ম্যাজিকের মতো ফল পান

রান্না করতে গিয়ে ছোটখাটো ভুল কার না হয়? অনেক সময় তাড়াহুড়োয় হাঁড়ি বা প্রেশার কুকারে ভাত ঠিকমতো সেদ্ধ হয় না এবং খাওয়ার সময় দাঁতের নিচে শক্ত চাল বা দানা পড়লে পুরো খাবারটাই মাটি হয়ে যায়। এই পরিস্থিতিতে অনেকেই বিরক্ত হয়ে সেই আধসেদ্ধ বা শক্ত ভাত ফেলে দিতে বাধ্য হন। কিন্তু একটু বুদ্ধি খাটালেই রান্নার এই ছোট ভুলের দারুণ সমাধান করা সম্ভব, যার জন্য ভাত ফেলে দিয়ে নতুন করে কষ্ট করে আর রান্না করার কোনো প্রয়োজনই পড়ে না।
বিশেষজ্ঞদের মতে, ভাত শক্ত থেকে গেলে তাতে একবারে অতিরিক্ত জল ঢেলে দেবেন না, কারণ এতে ভাত গলে একেবারে ঘেঁটে বা মণ্ড হয়ে যেতে পারে। এর পরিবর্তে শক্ত ভাতের ওপর পরিমাণমতো সামান্য জল ছিটিয়ে পাত্রের মুখ ভালো করে ঢাকা দিয়ে একদম কম আঁচে ৫ থেকে ১০ মিনিট বসিয়ে রাখুন। পাত্রের ভেতরে তৈরি হওয়া বাষ্প বা স্টিম শক্ত চালকে ভেতর থেকে নরম করতে সাহায্য করে। এছাড়া গ্যাস বন্ধ করার পরেও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভাত সুন্দর ঝরঝরে হয়ে ওঠে। আর যদি মাইক্রোওয়েভে রান্না করার সময় ভাত শক্ত হয়ে যায়, তবে একটি মাইক্রোওয়েভ-সেফ পাত্রে সামান্য জল মিশিয়ে অল্প সময়ের জন্য গরম করলেই সমস্যার সমাধান হয়ে যাবে।