ধোনির ছকে আমূল বদল চেন্নাইয়ে! আইপিএল শুরু আগেই কোন বড় ধাক্কা খেল ইয়েলো ব্রিগেড?

আসন্ন ২০২৭ আইপিএলের আগে চেন্নাই সুপার কিংস (CSK)-এর কোচিং স্টাফে যে এক বিরাট ও আমূল পরিবর্তন আসছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে প্রধান কোচের পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন স্টিফেন ফ্লেমিং, এবং তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে জাহির খানের নাম ঘোষণা করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে এবার ফ্র্যাঞ্চাইজির কোচিং ক্যাবিনেট থেকে আরও এক বড় নাম বিদায় নিতে চলেছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিনের ব্যাটিং কোচ মাইকেল হাসির সঙ্গেও চুক্তি ছিন্ন করতে চলেছে সিএসকে ম্যানেজমেন্ট।

খবর অনুযায়ী, আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও অজি ব্যাটিং গ্রেটকে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ক্রিকবাজের রিপোর্টে দাবি করা হয়েছে যে, হাসির কাছে অন্য কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির আরও লোভনীয় ও আকর্ষণীয় প্রস্তাব রয়েছে এবং একাধিক দলের সঙ্গে তাঁর কথাবার্তাও অনেকদূর এগিয়েছে। ফলে আগামী আইপিএলে চেন্নাইয়ের এই নির্ভরযোগ্য মুখকে অন্য কোনো দলের ডাগআউটে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

উল্লেখ্য, স্টিফেন ফ্লেমিং বা মাইক হাসি ছাড়াও বোলিং কোচ এরিক সিমন্সও নতুন মরশুমের আগে চেন্নাই ছেড়েছেন এবং তাঁর জায়গায় নতুন বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন মোহিত শর্মা। ফিল্ডিং কোচ জেমস ফস্টারের ভবিষ্যৎ নিয়েও এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। ক্রিকেট মহলের গুঞ্জন, দলের সাপোর্ট স্টাফে এই ব্যাপক রদবদলের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে প্রাক্তন সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক। খেলোয়াড় এবং কোচ মিলিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে চেন্নাইয়ের হলুদ জার্সির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মাইক হাসির এই প্রস্থান নিশ্চিতভাবেই এক যুগের অবসান ঘটাল। এখন দেখার, ইয়েলো ব্রিগেডের নতুন ব্যাটিং কোচ হিসেবে কার নাম চূড়ান্ত করে ফ্র্যাঞ্চাইজি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *