‘রাষ্ট্রপতিকে রাস্তার রাজনীতিতে টানছেন!’ রাহুল গান্ধীর বিরুদ্ধে বেনজির তোপ দাগলেন সম্বিত পাত্র

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের প্রতিনিধিদলের সাক্ষাৎ এবং পরবর্তীতে রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে সাক্ষাতের পর রাহুল গান্ধীর করা ‘ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি রাষ্ট্রপতি’ শীর্ষক দাবিকে ঘিরে বেজায় চটেছে বিজেপি। শনিবার সাংবাদিক বৈঠক করে লোকসভার বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র।

এদিন সম্বিত পাত্র অভিযোগ করেন, রাহুল গান্ধী ন্যূনতম রাজনৈতিক প্রোটোকলও বোঝেন না এবং তিনি সচেতনভাবে দেশের রাষ্ট্রপতিকে রাজনৈতিক রাস্তার লড়াইয়ের মধ্যে টেনে আনার চেষ্টা করছেন। বিজেপির প্রশ্ন, যদি গত প্রায় এক বছর ধরে বিরোধীরা ভোটে কারচুপির অভিযোগ তুলে আসতেই থাকেন, তবে রাষ্ট্রপতি ভবনে স্মারকলিপি জমা দেওয়ার সময় সেই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পেশ করা হলো না কেন? “আপনারা যদি পরে প্রমাণ দেবেন বলেন, তবে প্রথমেই প্রমাণ ছাড়া কেন রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন?”— এই বলে রাহুলকে কটাক্ষ করেন সম্বিত।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাহুল গান্ধীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ভবনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগসহ চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেয়। বৈঠক শেষে রাহুল দাবি করেছিলেন যে, রাষ্ট্রপতি তাঁদের ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি এবং প্রমাণের কথা বলেছেন। কিন্তু সম্বিত পাত্রের পাল্টা দাবি, বৈঠক নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করছেন কংগ্রেস নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *