বিক্ষোভে যোগ দেওয়ার আগেই বড় ধাক্কা! ঘুম ভাঙতেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

আন্দোলন শুরু হওয়ার আগেই রাজধানীর রাজনীতিতে চরম উত্তেজনা। শনিবার সকালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত যন্তর মন্তর বিক্ষোভ কর্মসূচির আগেই বড়সড় পদক্ষেপ করল পুলিশ। এই বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। আর সেই কারণেই আজ ভোরে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশি কড়াকড়ি ও আটকের নেপথ্যে:জানা গিয়েছে, আজ শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ ধ্রুব রাঠির বাসভবনে আচমকাই হানা দেয় দিল্লি ও গুরুগ্রাম পুলিশের একটি যৌথ দল। প্রায় ৫০ জন পুলিশ সদস্যের একটি বড় বাহিনী তাঁকে ঘিরে ফেলে। সিজেপির এই বিতর্কিত আন্দোলনে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে ধ্রুব রাঠিকে আটকের খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। অবিলম্বে এবং নিঃশর্তভাবে তাঁকে মুক্তি দেওয়ার জোরালো দাবি তুলেছে দলটির নেতৃত্ব। সিজেপির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “যাঁরা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে জানেন এবং অন্যায় দেখে চুপ থাকেন না, সরকার আজ সেই যুব প্রজন্মকে ভয় পাচ্ছে।”যন্তর মন্তরে কঠোর নিরাপত্তা:অন্যদিকে, ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি ঘিরে যন্তর মন্তর চত্বরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। অনুমতি না থাকায় এলাকা কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ। সন্দেহভাজন দেখলেই পথচলতি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশি ধরপাকড়ের জেরে সকাল থেকেই উত্তপ্ত দিল্লির রাজপথ, ইতিমধ্যেই প্রায় দেড় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চরম জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *