স্তনে চুলকানি কি ক্যানসারের পূর্বলক্ষণ? কোন কোন উপসর্গ দেখলে আর এক মুহূর্তও অপেক্ষা করবেন না?

স্তনে চুলকানি একটি অত্যন্ত সাধারণ সমস্যা। সাধারণত শুষ্ক ত্বক, অ্যালার্জি, অতিরিক্ত ঘাম কিংবা ত্বকের জ্বালা বা সংক্রমণের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি উদ্বেগের কোনো কারণ হয় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই চুলকানি যদি দীর্ঘস্থায়ী হয় এবং এর পাশাপাশি ত্বকে কোনো দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে তা একেবারেই উপেক্ষা করা উচিত নয়।

ক্যানসারের ক্ষেত্রে চুলকানির সংযোগ কতটা গভীর?
শুধুমাত্র চুলকানিই যে স্তন ক্যানসারের একমাত্র লক্ষণ, তা নয়। তবে দীর্ঘস্থায়ী চুলকানির সঙ্গে যদি ত্বক লালচে হয়ে যাওয়া, নিপলের আকৃতিতে পরিবর্তন কিংবা ত্বক মোটা ও আঁশযুক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ প্রকাশ পায়, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। সঠিক সময়ে এই লক্ষণগুলি শনাক্ত করা রোগ নিরাময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবসময় স্তন ক্যানসার মানেই চাকা বা পিণ্ড হিসেবে ধরা পড়ে না। ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ শুভদ্বীপ চক্রবর্তীর মতে, “কমন যেটা হয় পেনলেস মাংসপিণ্ড ধরা পরে। তবে অনেকসময় নিপলে সমস্যা দেখা দিতে পারে, যেমন—কমলার খোসার মতো দেখা দিতে পারে। এগুলি পরবর্তীকালে ক্যানসারের লক্ষণ হতে পারে। এছাড়াও শিরাগুলি স্পষ্ট হয়ে উঠতে পারে। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।”

প্রাথমিক পর্যায়ে চর্মরোগের সঙ্গে বিভ্রান্তি:
স্তনে ক্যানসারের কিছু বিরল ধরন রয়েছে, যা প্রাথমিক পর্যায়ে সাধারণ কোনো চর্মরোগের মতো মনে হতে পারে। যেমন, স্তনের ‘প্যাজেটস ডিজিজ’ (Paget’s disease)-এর কারণে চুলকানি, লালচে ভাব, জ্বালাপোড়া এবং চামড়া আঁশযুক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই লক্ষণগুলিকে প্রায়শই সাধারণ একজিমা বা অ্যালার্জি ভেবে ভুল করা হয়।

অন্যদিকে, ‘ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যানসার’ (Inflammatory breast cancer) হলো ক্যানসারের একটি বিরল অথচ দ্রুত ছড়িয়ে পড়া ধরন, যা স্তনে ফোলা ভাব, লালচে আভা এবং চামড়া মোটা হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি করে। এক্ষেত্রে স্তনের উপরিভাগ দেখতে অনেকটা কমলার খোসার মতো অমসৃণ হয়ে যায়। যেহেতু এই লক্ষণগুলি ত্বকের সাধারণ সংক্রমণের সঙ্গে মিলে যায়, তাই চিকিৎসকের মূল্যায়ন অত্যন্ত জরুরি।

সব চুলকানিই ক্যানসার নয়:
চিকিৎসক স্পষ্ট করে জানিয়েছেন, স্তনে চুলকানি মানেই সবসময় তা ক্যানসার নয়। বহু ক্ষেত্রেই শুষ্ক আবহাওয়া বা শুষ্ক ত্বকের কারণে এমনটা হতে পারে, যা ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করলেই দূর হয়ে যায়। তবে পর্যাপ্ত যত্ন নেওয়ার পরেও যদি দীর্ঘ সময় ধরে চুলকানি, লালচে ভাব, ব্যথা এবং ফোলা ভাব না কমে, তবে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *