গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে বাদ একঝাঁক টেক কোম্পানি! মার্কিন এই পদক্ষেপে বিপাকে পড়বেন ভারতীয়রা?

মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড কর্মসূচি থেকে বেশ কিছু সংস্থাকে সাময়িকভাবে স্থগিত করার চাঞ্চল্যকর পদক্ষেপের পর অবশেষে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ড প্রোগ্রাম বা ‘পিইআরএম’ (PERM) ভিসার সঙ্গে বহুলচর্চিত ‘এইচ-১বি’ (H-1B) ভিসার কোনো মিল নেই, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ফলে মার্কিন এই নতুন পদক্ষেপে বর্তমান এইচ-১বি ভিসা ধারক এবং তাঁদের পরিবারের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে না বলেই আশ্বস্ত করেছে মন্ত্রক।
তবে একই সঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে স্বীকার করা হয়েছে যে, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা ‘পিইআরএম’ কর্মসূচির অধীনে নতুন আবেদন স্থগিত করার এই সিদ্ধান্তটি সংশ্লিষ্ট কোম্পানিগুলিতে কর্মরত যোগ্য কর্মীদের স্থায়ী বসবাসের বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দক্ষ প্রতিভার আদান-প্রদানের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই প্রক্রিয়াটি কেবল ভারতীয় পেশাদারদের জন্যই সুযোগ তৈরি করে না, বরং মার্কিন সংস্থাগুলিকে অত্যাধুনিক প্রতিভা খুঁজে পেতে, গবেষণা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং সামগ্রিকভাবে মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে দারুণভাবে সাহায্য করে। আমেরিকার এই সাম্প্রতিক পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের সামগ্রিক আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মত প্রকাশ করেছে দিল্লি।