‘অভিযোগকারীদের বেকড রসগোল্লা পাঠাব!’ শুভেন্দুর এক্স হ্যান্ডেল তোপ দাগতেই মেজাজ হারালেন বিকাশ

সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ এখন তুঙ্গে। নিজের বাসভবনে হামলার নেপথ্যে ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ জড়িত বলে সোশ্যাল মিডিয়ায় সরাসরি অভিযোগ করেছিলেন বিকাশ। এই মন্তব্যের জেরে প্রবীণ ওই নেতাকে তীব্র আক্রমণ করে পোস্ট না সরালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর সেই প্রকাশ্য হুঁশিয়ারি আসতেই বিন্দুমাত্র দমে না গিয়ে একহাত নিলেন কলকাতার প্রাক্তন মেয়র।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, “শুভেন্দুবাবুদের কথার কোনো ঠিক নেই। আমার বক্তব্যের অর্থ তিনি বুঝতেই পারেননি। যে যা তদন্ত করবেন করুন, আমি নিজে বুঝে নেব।” বৃহস্পতিবার ভোরে বিকাশের বাড়িতে হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে। তবে এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে প্রতিবাদের ঝড় উঠেছে।
মুখ্যমন্ত্রীর হুশিয়ারি ও তাঁর বিরুদ্ধে জমা পড়া পুলিশের অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ করে বিকাশ বলেন, “আমার বিরুদ্ধে যাঁরা অভিযোগ দায়ের করেছেন, তাঁদের পরিচয় ও ঠিকানা আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি তাঁদের বেকড রসগোল্লা পাঠিয়ে দেব।” তিনি আরও দাবি করেন, এই ধরনের হুমকি দিয়ে প্রকারান্তরে তাঁরা প্রমাণ করে দিচ্ছেন যে এই ঘটনার সঙ্গে ঠিক কারা যুক্ত। এরপরই হিন্দিতে বক্তব্য রাখার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন বাম নেতা। সব মিলিয়ে বাড়ি ভাঙচুরের এই জল বহু দূর গড়ানোর ইঙ্গিত মিলছে।