মহালয়ার সকালেই দিল্লি জুড়ে চরম কড়াকড়ি! ৪ কিলোমিটার এলাকা ঘিরে ফেলার নির্দেশ কেন দিল স্বরাষ্ট্রমন্ত্রক?

আগামীকাল শনিবারের প্রস্তাবিত রাজনৈতিক বিক্ষোভ ও মেগা জমায়েত ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজধানী। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘তেলাপোকা জনতা পার্টি’ (CJP)-র যন্তর মন্তরে ডাকা এই বিক্ষোভ কর্মসূচিকে কোনোভাবেই অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবার নজিরবিহীন ও কঠোরতম পদক্ষেপ করল প্রশাসন। ট্রেন, মেট্রো এবং নমো ট্রেনের চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার পর, এবার নতুন দিল্লি এলাকার একটি বিশাল অংশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন সাপেক্ষে টেলিকম সংস্থাগুলিকে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চারপাশের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত ধরনের মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। আজ রাত ১০টা থেকে শুরু করে আগামী কাল, শনিবার রাত ১০টা পর্যন্ত—টানা ২৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ থাকবে।
দিল্লি পুলিশের নির্দেশ মতো এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও এবং এমটিএনএল-এর মতো প্রধান টেলিকম অপারেটরগুলিকে এই আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। মহালয়ার প্রাক্কালে রাজধানীর প্রাণকেন্দ্রে ট্রেন, মেট্রো পরিষেবার পাশাপাশি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।