তাসের ঘরের মতো ভাঙল ব্যাটিং লাইনআপ! পুদুচেরিতে ক্যাঙারু বাহিনীর কাছে পর্যুদস্ত টিম ইন্ডিয়া

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য বড়সড় ধাক্কা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে পরাজিত হল ভারত ‘এ’ দল। শুক্রবার পুদুচেরিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের দলকে ৬৯ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল সফরকারী অস্ট্রেলিয়া। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও ১২৫ রানে ভারতীয় দলকে হারিয়েছিল দ্বিতীয় সারির অজিরা। রবিবারে তৃতীয় তথা শেষ ম্যাচ বাকি থাকলেও ইতিমধ্যেই স্যাম কোনস্টাস, জোস ফিলিপ, নাথান ম্যাকসুইনিরা ট্রফি নিজেদের নামে নিশ্চিত করে ফেললেন।

এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ‘এ’ দল নির্ধারিত ওভারে ২৭৫ রান সংগ্রহ করে। দলের হয়ে অনবদ্য ব্যাটিং করেন ওপেনার স্যাম কোনস্টাস (৬৭) এবং তিনে নামা জোশ ফিলিপ (৫৮)। ভারতীয় বোলিং লাইনআপের হয়ে তিনটি উইকেট শিকার করেন যশ ঠাকুর এবং দুটি উইকেট নেন অন্য বোলাররা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রুতুরাজের দল। মাত্র ১১০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। সাই সুদর্শন (১৩), দেবদূত পাদিক্কল (১), অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (১২) কিংবা তরুণ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রা (১৭)—কারও ব্যাট থেকেই রান আসেনি। একমাত্র রজত পাতিদার (৬৭) ছাড়া মিডল অর্ডারে সবাই ফ্লপ। শেষের দিকে বিপরাজ নিগম (২৩) ও অঙ্কুল রয় (৩৪) কিছুটা লড়াই চালালেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪৫.২ ওভারে মাত্র ২০৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল।

উল্লেখ্য, প্রথম ম্যাচেও ৩২ ওভারের মধ্যে মাত্র ১৪৯ রানে গুটিয়ে গিয়েছিল রুতুরাজের দল। ঘরের মাঠে ‘এ’ দলের এমন জঘন্য পারফরম্যান্স যে ভারতীয় ক্রিকেটের রিজার্ভ বেঞ্চের শক্তি নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *