যন্তর মন্তর অভিযানকে কেন্দ্র করে বড় পদক্ষেপ রেলের! কোন কোন ট্রেন বাতিল হলো?

আগামী কাল, শনিবার (১০ অক্টোবর) রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রস্তাবিত যন্তর মন্তর অভিযানকে ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনা। রাজধানীতে তীব্র যানজট ও বিশৃঙ্খলার আশঙ্কার মধ্যেই শুক্রবার এক বড় ঘোষণা করল ভারতীয় রেল। যদিও সরকারি বিজ্ঞপ্তিতে সরাসরি কোনো রাজনৈতিক আন্দোলনের কথা উল্লেখ করা হয়নি, তবুও পরিস্থিতি বিবেচনা করে নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর নির্ধারিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের এই আকস্মিক সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

কখন থেকে কার্যকর হচ্ছে নির্দেশিকা? রেলের তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ২টোর পর উৎস স্টেশন থেকে ছেড়ে যাওয়া এবং শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি বা হযরত নিজামউদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন তাদের উৎসস্থলেই বাতিল করা হচ্ছে। আগামী কাল ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

বাতিল হাওড়া ও শিয়ালদার দুটি রাজধানী এক্সপ্রেস: এই নির্দেশিকা প্রকাশের পরই পূর্ব রেলের পক্ষ থেকেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার বাতিল করা হয়েছে:

  • ১২৩০১ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস: ট্রেনটি শুক্রবার বিকেল ৪টে বেজে ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে শনিবার সকাল ১০টা বেজে ৫ মিনিটে নিউ দিল্লি পৌঁছানোর কথা ছিল।

  • ১২৩১৩ শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস: ট্রেনটি শুক্রবার বিকেল ৪টে বেজে ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে শনিবার সকাল ১০টা বেজে ৫০ মিনিটে নিউ দিল্লি পৌঁছানোর কথা ছিল।

যাত্রীদের এই আকস্মিক অসুবিধার জন্য রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। একদিকে মেট্রো স্টেশন বন্ধ রাখার প্রস্তাব এবং অন্যদিকে রাজধানীগামী মেগা ট্রেনগুলি বাতিল হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের ঘর থেকে বেরোনোর আগে ট্রেনের লাইভ স্ট্যাটাস ও আপডেট দেখে নেওয়ার কড়া পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *