শীতে ভারী কম্বল কাচতে গিয়ে ওয়াশিং মেশিন নষ্ট করছেন না তো? রইল ঘরোয়া উপায়ে ধোওয়ার সহজ ও সঠিক কৌশল

শীতকালের ভারী কম্বল বাড়িতে পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। কম্বলের ওজন এবং পুরুত্বের কারণে অনেক সময়ই তা সামলানো কঠিন হয়ে পড়ে। ভুল ওয়াশ সাইকেল, অতিরিক্ত ডিটারজেন্ট বা ভুল শুকানোর পদ্ধতির কারণে কম্বলের ফাইবার নষ্ট হতে পারে, সাবান বসে যেতে পারে কিংবা ওয়াশিং মেশিনের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। কম্বল কাচার আগে তাই কিছু জরুরি বিষয় মাথায় রাখা দরকার।
কম্বল কাচার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন:
কেয়ার লেবেল চেক করুন: কম্বলটি মেশিন ওয়াশ করা যাবে নাকি ড্রাই ক্লিনিং করতে হবে, তা জানার জন্য প্রস্তুতকারকের নির্দেশিকা বা কেয়ার লেবেল ভালো করে পড়ে নিন। জলের তাপমাত্রা এবং ফাইবার-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলুন।
ক্ষতি ও দাগ সারাই করুন: কম্বল ধোওয়ার আগে কোনো সেলাই খোলা বা ছোটখাটো ছেঁড়া রয়েছে কিনা দেখে নিন। কোনো দৃশ্যমান দাগ থাকলে তা হালকা লিকুইড ডিটারজেন্ট দিয়ে আলতো করে মুছে নিন, জোরে ঘষবেন না।
ধুলো ও ময়লা ঝেড়ে ফেলুন: কম্বল বাইরে নিয়ে ভালো করে ঝেড়ে ধুলোবালি দূর করুন। লোম বা ধুলো পরিষ্কার করতে লিন্ট রোলারও ব্যবহার করতে পারেন।
ওয়াশিং মেশিনে ভারী কম্বল কাচার নিয়ম:
১. পর্যাপ্ত জায়গা: কম্বল যাতে ড্রামের মধ্যে খোলামেলাভাবে ঘুরতে পারে, সেদিকে খেয়াল রাখুন। সাধারণত ১০ কেজি ক্ষমতার মেশিন বড় কম্বলের জন্য উপযুক্ত হতে পারে। বেশি টাইট হলে লাউণ্ড্রেির বড় মেশিন ব্যবহার করুন।
২. সঠিকভাবে সাজান: কম্বলটি ভাঁজ করে বা রোল করে ড্রামে দিন। দলা পাকিয়ে ফেললে মেশিন স্পিন করার সময় ভারসাম্য হারিয়ে ফেলতে পারে।
৩. মৃদু ডিটারজেন্ট ব্যবহার: কম সুতির বা হাই-এফিসিয়েন্সি লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। ব্লিচ বা ফ্যাব্রিক সফটনার এড়িয়ে চলুন।
৪. সঠিক ওয়াশ সাইকেল: ডেলিকেট বা হেভি-আইটেম সাইকেল বেছে নিন। ঠান্ডা জল বা লেবেল অনুযায়ী ৩০° থেকে ৪০° সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করুন।
বাথটবে ওভারসাইজড কম্বল ধোওয়ার পদ্ধতি:
খুব বড় বা ভারী কম্বল মেশিনে না ধরলে বাথটবে ঈষদুষ্ণ জলে মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে ২ থেকে ৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে পারেন। আলতো হাতে কেচে জল বের করে নিন। কম্বল কখনো এক কোণ থেকে ঝুলিয়ে জল ঝরাবেন না, এতে আকৃতি নষ্ট হতে পারে। ফ্লাট সারফেসে বা শুকানোর র্যাকে ছড়িয়ে ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিন।
সঠিক নিয়ম মেনে এই শীতে ঘরেই পরিষ্কার করে নিন আপনার আদরের ভারী কম্বলটি!