ঘরমুখো যাত্রীদের মাথায় বজ্রপাত! ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া থেকে অকা সা— একধাক্কায় মারাত্মক বাড়ল বিমান ভাড়া

সামনেই উৎসবের মরশুম—দুর্গাপূজা, দীপাবলি এবং ছটপুজো। প্রিয়জনদের কাছে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন অনেকে। কিন্তু তার আগেই বিমানযাত্রীদের জন্য নেমে এলো চরম দুঃসংবাদ! দেশের প্রায় সমস্ত বড় এয়ারলাইন্স সংস্থা একযোগে টিকিটের ভাড়া একধাক্কায় বাড়িয়ে দিল। ইন্ডিগো (IndiGo)-র পথ অনুসরণ করে এবার এয়ার ইন্ডিয়া (Air India), এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) এবং অকা সা এয়ার (Akasa Air)-ও তাদের ফিউয়েল সারচার্জ (Fuel Surcharge) বা জ্বালানি শুল্ক বাড়ানোর বড় ঘোষণা করেছে।
কেন হঠাৎ এত দাম বাড়ল বিমানে যাত্রার?
আন্তর্জাতিক বাজারে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) অর্থাৎ বিমান জ্বালানির দাম আকাশছোঁয়া। বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি বাজারের অস্থিতিশীল পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলি। বিমান পরিচালন খরচের একটি বড় অংশই যায় জ্বালানিতে। তাই বাধ্য হয়ে সেই খরচের কিছুটা বোঝা যাত্রীদের ওপরই চাপানো হচ্ছে বলে দাবি এয়ারলাইন্স সংস্থাগুলির।
কোন এয়ারলাইন্সে কত টাকা বাড়তি খরচ?
-
এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস: ৯ অক্টোবর থেকেই এই নতুন দর কার্যকর হচ্ছে। অভ্যন্তরীণ (Domestic) রুটের টিকিটে দূরত্বের ভিত্তিতে প্রতি টিকিটে ৪০০ টাকা থেকে শুরু করে ১,২০০ টাকা পর্যন্ত বাড়তি ফিউয়েল সারচার্জ দিতে হবে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে এই সারচার্জ ৫৫ মার্কিন ডলার থেকে ২১৫ মার্কিন ডলার পর্যন্ত রাখা হয়েছে।
-
অকা সা এয়ার (Akasa Air): ৯ অক্টোবর রাত ১২:০১ টা থেকে হওয়া সমস্ত নতুন বুকিংয়ের ওপর বাড়তি সারচার্জ কার্যকর হচ্ছে। অভ্যন্তরীণ যাত্রার জন্য দূরত্বের ওপর নির্ভর করে অতিরিক্ত ৩৭৫ টাকা থেকে ১,১৫০ টাকা গুণতে হবে। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রুটে অতিরিক্ত ২,৫০০ টাকা ফিউয়েল সারচার্জ ধার্য করা হয়েছে।
-
ইন্ডিগো (IndiGo): ৬ অক্টোবর থেকেই ইন্ডিগো তাদের সারচার্জ বাড়িয়ে দিয়েছে। দেশের ভেতরের ফ্লাইটে ৩৭৫ টাকা থেকে ১,৩০০ টাকা এবং আন্তর্জাতিক রুটে ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকা (ইউরোপ রুটে) পর্যন্ত বাড়তি সারচার্জ যুক্ত করা হয়েছে।
উৎসবের ঠিক মুখেই সমস্ত বিমান সংস্থাগুলি একযোগে ফিউয়েল সারচার্জ বাড়িয়ে দেওয়ায় মধ্যবিত্ত ও দূরপাল্লার বিমানযাত্রীদের পকেটে যে বড়সড় টান পড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।