কম বয়সেই মাথা ভর্তি পাকা চুল? কেমিক্যাল কালার বাদ দিন, রান্নাঘরের এই ৫ উপাদানেই ফিরবে প্রাকৃতিক কালো রূপ!

বয়স বাড়লে মাথায় কাঁচা-পাকা চুল উঁকি দেবে—এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আজকাল খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও দূষণের কারণে খুব কম বয়সেই অনেকের মাথা ভর্তি হয়ে যাচ্ছে পাকা চুলে। এই অকালপক্বতা বা প্রি-ম্যাচিউর গ্রেইংয়ের সমস্যায় ভুগে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। বাজারচলতি কেমিক্যালযুক্ত হেয়ার ডাই বা কালার সাময়িক সমাধান দিলেও দীর্ঘমেয়াদে চুলের আরও ক্ষতি করে। তবে চিন্তার কিছু নেই, ক্ষতিকর রাসায়নিক এড়িয়ে রান্নাঘরে থাকা সহজ কিছু ঘরোয়া উপাদান দিয়েই চুলের স্বাভাবিক কালো রং ধরে রাখা সম্ভব।
১. নারকেল তেল ও কারিপাতার জাদুকরী মিশ্রণ
নারকেল তেলে কারিপাতা ফেলে ফুটতে দিন, যতক্ষণ না তেলের রং গাঢ় ও কালো হয়ে আসে। এরপর মিশ্রণটি ঠান্ডা করে ছেঁকে নিয়ে সপ্তাহে অন্তত দু’দিন মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। কারিপাতায় থাকা ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং মেলানিন উৎপাদন বজায় রাখতে সাহায্য করে।
২. ভিটামিন সি-তে ভরপুর আমলকী
অকালপক্বতা দূর করতে বহু যুগ ধরেই আমলকীর জুড়ি মেলা ভার। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আমলকীর গুঁড়ো বা রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগালে চুলের গোড়া শক্ত হয় এবং পাকা চুলের সমস্যা কমে।
৩. কড়া লিকার চা দিয়ে রিন্স
লিকার চা চুলের চমৎকার প্রাকৃতির ডাই হিসেবে কাজ করে। জল ফুটিয়ে কড়া লিকার চা বানিয়ে ঠান্ডা করে নিন। শ্যাম্পু করার পর এই লিকার জল দিয়ে চুল ধুয়ে নিলে চুল স্বাভাবিকভাবে সিল্কি হওয়ার পাশাপাশি এক দারুণ প্রাকৃতিক কালো আভা পায়।
৪. পেঁয়াজের রসের চমৎকার গুণ
পেঁয়াজের রসে থাকা ক্যাটালজ এনজাইম চুলের মূল পিগমেন্ট বজায় রাখতে সাহায্য করে। কাঁচা পেঁয়াজের রসের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে মাখুন এবং ১৫-২০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৫. মেহেদি ও জবা ফুলের হেয়ার প্যাক
হালকা গরম জলে অরিজিনাল মেহেদি গুঁড়ো এবং জবা ফুলের পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করে মাথায় ব্যবহার করতে পারেন। এটি চুলে ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে চমৎকার রং ও জেল্লা ফিরিয়ে আনে।
কোনো কৃত্রিম রং ছাড়াই ঘরোয়া এই সহজ অভ্যাসগুলো নিয়মিত মেনে চললে চুল পাকার গতি তো কমবেই, সঙ্গে চুলের গোড়াও হবে অনেক বেশি মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল।