আরিয়ান জুয়ালের ৮৩ আর ডেথ ওভারে বোলিং তাণ্ডব! সৈয়দ মুশতাক আলিতে রোমাঞ্চকর জয় উত্তর প্রদেশের!

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-এর এলিট গ্রুপ-এ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঝাড়খণ্ডকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আশা বাঁচিয়ে রাখল উত্তর প্রদেশ। এই রোমাঞ্চকর ম্যাচে উত্তর প্রদেশের জয়ের বড় নায়ক ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার এবং যশ দয়াল, যাঁরা শেষ দুই ওভারে অবিশ্বাস্য বোলিং করে ঝাড়খণ্ডের হাত থেকে জয় ছিনিয়ে নেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল উত্তর প্রদেশ, আর পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেল ঝাড়খণ্ড।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে উত্তর প্রদেশ। ওপেনার আরিয়ান জুয়াল খেলেন ৮৩ রানের ঝকঝকে ইনিংস, পাশাপাশি সমীর রিজভী দ্রুত ৩৯ রান যোগ করেন। ঝাড়খণ্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হর্ষ রাজ, যিনি ৩৪ রানে ৩ উইকেট তুলে নেন।
ডেথ ওভারে ভুবনেশ্বর ও যশ দয়ালের বোলিং চমক
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উৎকর্ষ সিং এবং কাউনেন কোরেশির জোড়া অর্ধশতকের সুবাদে জয়ের দিকে ভালোভাবেই এগোচ্ছিল ঝাড়খণ্ড। এক পর্যায়ে হাতে চার উইকেট রেখে শেষ ১২ বলে ঝাড়খণ্ডের প্রয়োজন ছিল মাত্র ২০ রান। ঠিক সেখান থেকেই ম্যাচের ছবি বদলে দেন উত্তর প্রদেশের দুই অভিজ্ঞ পেসার।
ইনিংসের ১৯তম ওভারে বল হাতে এসে ভুবনেশ্বর কুমার দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন এবং মাত্র ৫ রান খরচ করে তুলে নেন ১টি গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ৩৯ রানে ৩ উইকেট নিয়ে শেষ করেন তিনি।
শেষ ওভারে মাত্র ২ রান, কুলদীপের বিবর্ণ ফেরা
এরপর ২০তম ও শেষ ওভারে জয়ের জন্য ঝাড়খণ্ডের দরকার ছিল ১৫ রান। প্রবল চাপের মুখে দুর্দান্ত বোলিং করেন যশ দয়াল এবং শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি। এর ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানেই থেমে যায় ঝাড়খণ্ডের ইনিংস এবং ১২ রানের স্মরণীয় জয় পায় উত্তর প্রদেশ। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ফেরা স্পিনার কুলদীপ যাদব এদিন তেমন ছাপ ফেলতে পারেননি; ৪ ওভারে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।