মহালয়ায় তর্পণে বাধ সাধবে বৃষ্টি? ৩ ব্যবস্থার জোড়া ফলায় কাঁপবে বাংলা, দুর্যোগের বড় আপডেট!

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার কথা থাকলেও এখনই রেহাই মিলছে না দুর্যোগের হাত থেকে। বর্ষার তেজ কমতেই আবহাওয়া বদলের যে ইঙ্গিত মিলছিল, তাতে জল ঢেলে দিল জোড়া নিম্নচাপ অক্ষরেখা ও মারাত্মক এক ঘূর্ণাবর্ত। এদের সম্মিলিত দাপটে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মহালয়ার আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কেন এই আকস্মিক দুর্যোগ?
হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বায়ুমণ্ডলে স্থান করে নিয়েছে একটি ঘনীভূত ঘূর্ণাবর্ত। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি নিম্নচাপ বলয়। ফলে বর্ষা দুর্বল হলেও দেবীপক্ষের আগ মুহূর্তে তৈরি হয়েছে বৃষ্টি অনুকূল পরিবেশ।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি ও মহালয়ার পূর্বাভাস
আজ বুধবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা, সূর্যের দেখা মিলছে না বললেই চলে। কলকাতার বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ স্পর্শ করায় ভ্যাপসা অস্বস্তিও বজায় থাকছে।
-
আজ যে সব জেলায় বৃষ্টি: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।
-
বৃহস্পতিবার চরম সতর্কতা: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Warning)।
-
মহালয়ায় ভাসবে তর্পণ? শুক্রবার ও শনিবার মহালয়ার দিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে শনিবার ভোরের আলো ফুটতেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ সারতে গিয়ে সাধারণ মানুষকে কিছুটা বিপাকে পড়তে হতে পারে। তবে মহালয়ার পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন নাগাড়ে বৃষ্টি চলবে। আজ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। তবে বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চললেও সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।