‘ঐন্দ্রিলার সম্মান সবার আগে!’ নুসরাতের সঙ্গে অতীতের প্রেম গুঞ্জনে মুখ খুললেন অঙ্কুশ হাজরা

টলিউডের জনপ্রিয় দুই মুখ অঙ্কুশ হাজরা এবং নুসরত জাহান। অনস্ক্রিন হিট কেমিস্ট্রির পাশাপাশি একসময় টলিপাড়ার অলিন্দে তাঁদের প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দীর্ঘকাল পেরিয়ে সম্প্রতি ‘টিভি৯ বাংলা’-র এক বিশেষ পডকাস্টে হাজির হয়ে নুসরতের সঙ্গে অতীতের সেই সমস্ত গুঞ্জন ও সম্পর্কের সমীকরণ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
অতীতের গুঞ্জন ও বাস্তব সমীকরণ
ক্যারিয়ারের শুরুর দিকে অঙ্কুশ ও নুসরতের অনস্ক্রিন রসায়ন এবং অফস্ক্রিন মেলামেশা দেখে ইন্ডাস্ট্রিতে নানা জল্পনা তৈরি হয়েছিল। দেব-শুভশ্রীর পথে হেঁটে এই হিট জুটি কি আর পর্দায় ফিরবে? এই প্রশ্ন বারবার ঘুরেফিরে এসেছে ভক্তদের মনে। পডকাস্টে সেই প্রসঙ্গে খোলামেলা কথা বলেন অভিনেতা।
অঙ্কুশ স্বীকার করেন যে তাঁদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বা অস্বস্তিকর জায়গা তৈরি হয়েছে। অভিনেতা জানান, “আমার আর নুসরতের একটা আনকমফর্টেবল জোন আছে এখন। অনেকে ভাবতে পারে এটা প্রেমঘটিত ব্যাপার, সেটা নয়। আমি সেটা এক্সপ্লেন করতে চাই না, কিন্তু অবশ্যই প্রেমঘটিত নয়। তাই আমরা একসঙ্গে কাজ করি না, এড়িয়ে যাই। আমার সংবাদ শিরোনামে থাকতে ভালো লাগে, কিন্তু আমার পার্টনারকে অসম্মান করে নয়।”
ঐন্দ্রিলার সম্মানই সবার আগে
সোশ্যাল মিডিয়ার নিষ্ঠুরতা এবং ট্রোলিংয়ের প্রসঙ্গ টেনে অঙ্কুশ আরও স্পষ্ট করেন, “এখন সোশ্যাল মিডিয়া খুব নিষ্ঠুর। এমনকী মিডিয়াও ক্ষমাহীন। আমরা যেদিন কাজ করব একসঙ্গে, মানুষ সবচেয়ে বেশি খিল্লি করবে ঐন্দ্রিলাকে নিয়ে। আমার কাছে আমার ভালোবাসার মানুষের সম্মানটা সবচেয়ে আগে। আমার সঙ্গে নুসরতের ছবি হল না হল আমার জীবনে, আমার কেরিয়ারে কিচ্ছু যায় আসে না। কিন্তু ঐন্দ্রিলাকে কেউ যদি অসম্মান করে সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার।”
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বলো দুগ্গা মাইকী’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল অঙ্কুশ ও নুসরতকে। এরপর আর তাঁদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। বর্তমানে নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর যশ দাশগুপ্তের সঙ্গে সুখের সংসার করছেন নুসরত, তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। অন্যদিকে, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। পডকাস্টে অঙ্কুশ স্পষ্ট করে দিয়েছেন যে, এই অতীত গুঞ্জন বা রটনা তাঁদের বর্তমান সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি দীর্ঘদিন একত্রেবাস করলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি, কারণ তাঁদের কাছে আইনি কাগজ বা বিয়ের চেয়েও নিজেদের বোঝাপড়াটাই বেশি গুরুত্বপূর্ণ।