UPI লেনদেনে বড় ধাক্কা! আগামী ১৫ অক্টোবর থেকে বসছে নতুন চার্জ, পকেটে কি টান পড়বে আপনার?

ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে এবার বসতে চলেছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR)। আগামী ১৫ অক্টোবর থেকেই এই নতুন এমডিআর চালু হচ্ছে। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল যে, ২,০০০ টাকার বেশি লেনদেনে ০.০৪ শতাংশ হারে এমডিআর বসবে। তবে এবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, সমস্ত মার্চেন্ট বা ব্যবসায়ীর উপরে এক হারে এই চার্জ বসবে না; বরং নির্দিষ্ট কিছু ক্যাটেগরির জন্য এমডিআর সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এনপিসিআই (NPCI) আগেই জানিয়েছিল যে, ৭৫ হাজার টাকা বা তার বেশি টাকার লেনদেনে সর্বাধিক ৩০০ টাকা পর্যন্ত এমডিআর বসবে। তবে রেলওয়ে, টেলিকম, ইন্সুরেন্স ও জ্বালানির মতো ক্ষেত্রগুলির ক্ষেত্রে ফ্ল্যাট রেট বা নির্দিষ্ট হার বজায় রাখা হয়েছে। অর্থাৎ, এই সমস্ত ক্ষেত্রে বেশি লেনদেন করলেই যে বেশি এমডিআর দিতে হবে, বিষয়টি এমন নয়। এই বিশেষ খাতগুলির জন্য ৫ টাকা ফ্ল্যাট এমডিআর চার্জ স্থির করা হয়েছে।
কেন রেলওয়ে, টেলিকম ও জ্বালানিতে রাখা হলো ফ্ল্যাট রেট?
অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, রেলওয়ে, টেলিকম, ইন্সুরেন্স বা অন্য কোনো ইউটিলিটি সংক্রান্ত পেমেন্টের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে মাত্র ৫ টাকা এমডিআর চার্জ দিতে হবে। ধরা যাক, আপনি ৩,০০০ টাকার পেমেন্ট করলেন, তাতেও ৫ টাকা এমডিআর লাগবে; আবার ৩০,০০০ টাকার পেমেন্টেও চার্জ একই অর্থাৎ ৫ টাকাই থাকবে।
এর প্রধান কারণ হলো, এই সেক্টরগুলিতে প্রতিদিন ট্রানজাকশন বা লেনদেন সবচেয়ে বেশি পরিমাণে হয়। পাশাপাশি, এই ক্ষেত্রগুলিতে ব্যবসায়ীদের লভ্যাংশ বা মার্জিন অত্যন্ত সীমিত থাকে এবং পণ্যের দাম বা পরিষেবা মূল্য নির্দিষ্ট করা থাকে। ফলে সাধারণ ০.০৪ শতাংশ হারে এমডিআর বসলে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ বাড়ত। তাঁদের কথা মাথায় রেখেই সরকার ৫ টাকার ফ্ল্যাট চার্জ ধার্য করেছে। রেলওয়ে, ইন্সুরেন্স, জ্বালানি ও টেলিকম সেক্টরে এই ফ্ল্যাট রেট রেখে সরকার মূলত পরিষেবাগুলিকে সহজলভ্য রাখতে এবং ডিজিটাল পেমেন্টের প্রসারণ বজায় রাখতে চাইছে।
২,০০০ টাকার বেশি লেনদেনে কতটা সাশ্রয় হবে?
ধরা যাক, ইউপিআই-এর মাধ্যমে ১০,০০০ টাকার পেমেন্ট করা হলো। সাধারণ নিয়মে ০.৪ শতাংশ হারে এমডিআর ধার্য হলে ব্যবসায়ীকে ৪০ টাকা দিতে হতো। কিন্তু ফ্ল্যাট রেটের নিয়ম থাকায় সেখানে ব্যবসায়ীকে দিতে হবে মাত্র ৫ টাকা। অর্থাৎ, সরাসরি বড় অংকের লেনদেনে বিপুল সাশ্রয় হচ্ছে।
তবে মনে রাখতে হবে, এই নতুন এমডিআর নিয়ম শুধুমাত্র ২,০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ২,০০০ টাকার কম লেনদেনে কোনো চার্জ লাগবে না।
এমডিআর-এর খরচ কি গ্রাহকদের দিতে হবে?
এমডিআর মূলত ব্যবসায়ীদের উপর ধার্য করা একটি চার্জ। নিয়ম অনুযায়ী, এই খরচ সরাসরি গ্রাহকের কাছ থেকে ফি হিসেবে আদায় করার নিয়ম নেই। নতুন এই ইউপিআই চার্জের আর্থিক বোঝা যাতে ব্যবসায়ীরা কোনোভাবেই সরাসরি সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে না দেন, সেই বিষয়েও ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে কড়া পরামর্শ দিয়েছে সরকার।