অফিসে যাতায়াতে মাসে কত খরচ করেন ভারতীয় কর্মীরা? সরকারি সমীক্ষায় এল চমকে দেওয়া তথ্য!

অফিস বা কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে ভারতীয়দের প্রধান ভরসা কী এবং এই যাতায়াতে ঠিক কত টাকা খরচ হয়? সম্প্রতি জাতীয় পরিসংখ্যান অফিস (NSO)-এর প্রথম ‘ন্যাশনাল হাউসহোল্ড ট্রাভেল সার্ভে’ (National Household Travel Survey)-তে এই সমস্ত বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীনে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় ১ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করা যাতায়াতকেই কেবল গণনায় ধরা হয়েছে।

নয়া এই সমীক্ষা অনুযায়ী, দেশের কর্মজীবীরা কর্মস্থলে যাতায়াতের জন্য প্রতি মাসে গড়ে ৭৮৫ টাকা খরচ করেন। তবে গ্রামীণ ও শহরাঞ্চলের কর্মীদের যাতায়াত খরচে রয়েছে বিরাট ফারাক। যেখানে গ্রামীণ কর্মীরা যাতায়াতের পেছনে মাসে মাত্র ৬১২ টাকা খরচ করেন, সেখানে শহরাঞ্চলের কর্মীদের যাতায়াত খরচ বেড়ে দাঁড়ায় ১,০৪৪ টাকা।

যাতায়াতে পুরুষ ও মহিলাদের খরচের ফারাক
সমীক্ষায় পুরুষ ও মহিলা কর্মীদের যাতায়াত ব্যয়ের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য ব্যবধান ধরা পড়েছে। নির্দিষ্ট কর্মস্থলে যাতায়াতের জন্য পুরুষ কর্মীরা গড়ে প্রতি মাসে ৮৩৫ টাকা খরচ করেন। অন্যদিকে, মহিলা কর্মীরা খরচ করেন মাত্র ৫৩৩ টাকা, যা পুরুষদের তুলনায় প্রায় ৩৬.১৬ শতাংশ কম।

কোন বাহনে যাতায়াত করেন ভারতীয় কর্মীরা?
দেশের বিভিন্ন প্রান্তের কর্মজীবীদের মধ্যে যাতায়াতের প্রধান বাহন হিসেবে এক নম্বরে উঠে এসেছে দু-চাকার গাড়ি বা টু-হুইলার। তবে শহরের তুলনায় গ্রামের দিকে এর ওপর নির্ভরতা কিছুটা কম।

টু-হুইলারের রমরমা: গ্রামীণ এলাকার ৩৭.১ শতাংশ কর্মী যাতায়াতের জন্য টু-হুইলার ব্যবহার করেন, যেখানে শহরাঞ্চলে এই হার ৫২.৩ শতাংশ।

গণপরিবহন বা মেট্রোর ব্যবহার: জাতীয় স্তরে মাত্র ৫ শতাংশ শহুরে কর্মী মেট্রো, মনোরেল, লোকাল ট্রেন বা ট্রামের মতো গণপরিবহন ব্যবহার করেন। তবে মহারাষ্ট্র (২০.৭%), পশ্চিমবঙ্গ (১৬.৫%) এবং দিল্লিতে (১৪.৪%) এই ধরনের দ্রুতগতির গণপরিবহনের ওপর ভরসা করা যাত্রীর সংখ্যা অনেকটাই বেশি।

যাতায়াতে কত সময় লাগে?
কর্মস্থলে যাতায়াতের সময়সীমার দিক থেকেও বিভিন্ন রাজ্যের চিত্র সামনে এসেছে। রাজস্থান, গুজরাত এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে যাতায়াতে গড় সময় লাগে প্রায় ২০ থেকে ২৩ মিনিট। তবে দক্ষিণ ভারতের কিছু অংশে যাতায়াতের সময় কিছুটা বেশি বলে সমীক্ষায় দেখা গেছে। সামগ্রিকভাবে দেশের প্রায় ৮৩.৪ শতাংশ কর্মী ৩০ মিনিটের কম সময়েই তাঁদের কর্মস্থলে যাতায়াত সম্পন্ন করেন। ৮০ শতাংশের বেশি কর্মী ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট কর্মস্থলে পৌঁছান এবং মাত্র ১৩.৭ শতাংশ কর্মীর ক্ষেত্রে যাতায়াতে ৩০ থেকে ৬০ মিনিট সময় লাগে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *