‘জীতুকে দেখলেই চোখ মারছেন অনুষ্কা!’ ক্যামেরার সামনেই ইভটিজিংয়ের মারাত্মক অভিযোগ তুললেন সৃজলা

স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরমহল এখন পুরোপুরি উত্তপ্ত। শোয়ের অন্দরে ক্যামেরার সামনেই উঠে এল এক বিস্ফোরক অভিযোগ, যার সরাসরি নিশানা অভিনেতা জীতু কমল এবং অনুষ্কা ঘোষ। অভিযোগ উঠেছে, জীতুকে দেখলেই নাকি নানা ধরনের ‘কু-ইঙ্গিত’ করছেন অনুষ্কা। আর এই আচরণকে সরাসরি ‘ইভটিজিং’ বলে দাবি করেছেন সৃজলা গুহ। শুধু তাই নয়, এই ঝামেলা যখন চরমে পৌঁছায়, তখন সৃজলাকে সোজা ‘কেরিয়ার ধ্বংসকারী’ বলেও তোপ দাগেন অনুষ্কা। সব মিলিয়ে বিগ বসের ঘরে এখন উত্তেজনা তুঙ্গে।

কীভাবে শুরু হলো এই বিতর্ক?
গোটা ঘটনার সূত্রপাত ড্রয়িং রুমের একটি দৃশ্য থেকে। ক্যামেরায় দেখা যায়, কাউচে আধশোয়া অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন সৃজলা, আর তাঁর সামনে দাঁড়িয়েছিলেন জীতু। কথার ফাঁকেই সৃজলা সরাসরি জীতুকে প্রশ্ন করেন, অনুষ্কা যেভাবে তাঁর সঙ্গে কথা বলেন বা আচরণ করেন, তাতে তাঁর খারাপ লাগে না কি? জবাবে জীতুও স্পষ্ট জানিয়ে দেন যে, এই ধরনের আচরণ তাঁর একেবারেই পছন্দ নয়। এরপরই সৃজলা বিস্ফোরক দাবি করে বলেন, অনুষ্কা নাকি জীতুকে দেখলেই নানা ধরনের কুইঙ্গিত করেন এবং তাঁর হাবভাব একেবারে ‘ইভটিজার’-দের মতোই।

জল অবশ্য এখানেই থেমে থাকেনি। অনুষ্কাকে ডেকে এনে সৃজলা নিজেই জানতে চান, কেন তিনি জীতুর সঙ্গে এমন অদ্ভুত আচরণ করছেন। প্রথমে অনুষ্কা গোটা বিষয়টিকে নেহাতই ‘মজা’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরে আলাদাভাবে জীতুর কাছে গিয়ে তিনি জানতে চান, সৃজলাকে এসব কথা তিনি বলেছেন কি না। অভিনেতা জানান যে তিনি সৃজলাকে কিছু বলেননি, তবে অনুষ্কার ওই ধরনের আচরণ তাঁর মোটেও ভালো লাগে না।

সৃজলা বনাম অনুষ্কা তুমুল লড়াই
এরপরেই সৃজলা এবং অনুষ্কার মধ্যে তীব্র কথা কাটাকাটি ও তুমুল ঝামেলা শুরু হয়। সেই চরম উত্তেজনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসেন অনুষ্কা। সৃজলাকে আক্রমণ করে তিনি সরাসরি বলেন, কারও কেরিয়ার নষ্ট করার জন্য সৃজলা অনেক দূর পর্যন্ত যেতে পারেন। অনুষ্কার এই মন্তব্যের পর শোয়ের পারদ আরও চড়ে যায়।

গত ৩০ আগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হওয়া ‘বিগ বস বাংলা’ ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে প্রবেশ করেছেন রাজবীর দে এবং জীতু কমল। পাশাপাশি সদ্য গেমে এন্ট্রি নিয়েছেন অনুষ্কাও। ইতিমধ্যে জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী এবং সোহিনী পালের মতো প্রতিযোগীরা খেলা থেকে বিদায় নিলেও রবিবারের পর্বে কাউকেই বাদ পড়তে হয়নি। তবে অনুষ্কা ও সৃজলার এই তীব্র কাদা ছোঁড়াছুঁড়ি আগামী দিনে বিগ বসের ঘরের সমীকরণ কোন দিকে মোড় ঘোরায়, সেটাই এখন দেখার বিষয়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *