‘হিন্দি না জানলে চাকরি ছাড়ো!’ বেঙ্গালুরুর জোম্যাটো গুদামে কন্নড় ভাষাকে চরম অপমান, ভাইরাল সুপারভাইজারের ঔদ্ধত্য

কাজের জায়গায় ভাষা নিয়ে বিতর্কের জেরে চরম বিপাকে এক ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার গুদাম সুপারভাইজার। বেঙ্গালুরুতে অবস্থিত জোম্যাটোর একটি গুদামে কর্মরত এক সুপারভাইজার সেখানকার কর্মী ও শ্রমিকদের কড়া ভাষায় নির্দেশ দেন, হয় তাঁদের হিন্দি শিখতে হবে ও কথা বলতে হবে, নয়তো চাকরি ছেড়ে চলে যেতে হবে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, অন্ধপ্রদেশের বাসিন্দা এবং জোম্যাটোর ওই গুদাম সুপারভাইজার, যার নাম অশোক, তিনি কর্মীদের সাফ জানিয়ে দিচ্ছেন যে তিনি শুধু হিন্দিতেই কথা বলবেন। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, অশোককে বলতে শোনা যায়, “আমি কন্নড় জানি না, হিন্দিতেই কথা বলব। এখানে কাজ করতে হলে হিন্দি শিখতেই হবে। কাজ ছাড়তে চাইলে আমার কিছু যায় আসে না।”

ভিডিওতে এক কর্মী তাঁকে মনে করিয়ে দেন যে তাঁরা কর্নাটকে রয়েছেন। এর উত্তরে ওই সুপারভাইজার ঔদ্ধত্যের সুরে বলেন, “তাতে কী হয়েছে? আমি শুধু হিন্দিতই কথা বলব।”

নেটপাড়ায় চরম প্রতিক্রিয়া ও বিক্ষোভ
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিশেষ করে কর্নাটকে জনরোষের সৃষ্টি হয়। স্থানীয় কন্নড়পন্থী কর্মীরা বেঙ্গালুরুর ওই জোম্যাটো গুদামের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে ওই সুপারভাইজারকে বরখাস্ত করার দাবি জানান। পরিস্থিতি বেগতিক দেখে মদনায়কনহল্লি থানায় ওই সুপারভাইজারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই ব্যক্তিকে সাময়িকভাবে হেফাজতে নেয়।

ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ
পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়ার পরেই একটি ভিডিওবার্তা দেন অভিযুক্ত অশোক। এ যাত্রায় সম্পূর্ণ ভোলবদল ঘটে তাঁর। হাতজোড় করে কন্নড় ভাষায় ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। ভিডিওতে তিনি স্বীকার করেন যে তাঁর এই আচরণ অত্যন্ত ভুল ছিল এবং ভবিষ্যতে তিনি আর কখনও এমন করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *