Boxoffice: ৩ দিনে ৩০০ কোটি, বলিউডের জৌলুস ফেরাচ্ছে ‘পাঠান’, নতুন রেকর্ড করলো শাহরুখের সিনেমা

বলিউডে করোনা মহামারির পর থেকে বক্স অফিসের সাফল্য হাতেগোনা। প্রায় নেই বললেও চলে। ফিকে হয়ে আসা সেই বলিউডপ্রীতি দর্শকের মনে জাগিয়ে তুলেছেন চার বছর পর বড় পর্দায় ফিরে আসা শাহরুখ। তার অভিনীত ‘পাঠান’ সিনেমার প্রথম দিনের রোজগার থেকেই তা পরিষ্কার।

মুক্তির প্রথম দিনে দেশের বক্স অফিসে প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল পাঠান। শাহরুখের সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনায় ইঙ্গিত মিলেছিল, দ্বিতীয় দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে এটি।

তবে প্রত্যাশার মাত্রা অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে পাঠান। মুক্তির দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। একে প্রজাতন্ত্র দিবসের ছুটি, তার ওপর ওপার বাংলায় সরস্বতী পূজা, দলে দলে শাহরুখ, দীপিকা আর জন আব্রাহামের অ্যাকশন দেখতে হলে যাচ্ছেন মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দ্বিতীয় দিনের শেষে দেশে পাঠান সিনেমার মোট রোজগার ১২৫ কোটি টাকার বেশি। সারাবিশ্বে তৃতীয় দিনে টোটাল আয় ৩০০ কোটি। করোনা মহামারির পর বক্স অফিসে একচেটিয়া সাফল্য পাচ্ছিল দক্ষিণী সিনেমা। ‘পুষ্পা: দ্য রাইস’, ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ নজির গড়েছিল বক্স অফিসে। হলে গিয়ে বলিউডের সিনেমা দেখছিলেন না অনেকেই।

তবে ৫৭ বছর বয়সে নায়করূপে শাহরুখের চেনা ক্যারিশমা দেখতে সিনেমা হলে ভিড় উপচে পড়েছে। দেশ-বিদেশে সমস্ত নজির ছাপিয়ে যাচ্ছে পাঠান। সাফল্যের ঘোড়া ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।

পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত ভারতে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে পাঠানের প্রথম দু’দিনের রোজগারই সবচেয়ে বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *