‘X Ray প্লেট, MRI যদি দেখাতে শুরু করি…’ মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

পায়ের চোটের গোপন মেডিক্যাল রিপোর্ট প্রকাশ নিয়ে রাজ্য রাজনীতিতে ফের চরমে উঠল সংঘাত। বিনা অনুমতিতে নিজের চিকিৎসার রিপোর্ট বাইরে আসার অভিযোগে আইনজীবী মারফত এসএসকেএম হাসপাতাল ও বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের চিকিৎসকদের আইনি নোটিস পাঠিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আইনি পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিক বৈঠক থেকে তাঁকে পালটা তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
“বেশি ঘাঁটাঘাঁটি করলে বাড়ি থেকে বেরোতে পারবেন না”
এদিন সাংবাদিক সম্মেলনে মমতার আইনি নোটিস প্রসঙ্গে মেজাজ চড়িয়েই শুভেন্দু বলেন, “ভুল করছেন উনি। স্বাস্থ্য দফতর হয়ে আমার কাছে পাঠিয়ে দিতে বলব ওনার আইনজীবীর চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় জানেন না উনি নিজেই সেদিন কেস করেছিলেন।”
এরপরেই অত্যন্ত জোরালো সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, “ওনাকে বলছি, ওনার আইনজীবীকে বলছি— একটু ঘাঁটাঘাঁটি কম করুন। বেশি ঘাঁটাঘাঁটি করতে না বলুন। এক্স-রে প্লেট আর এমআরআই যদি দেখাতে শুরু করি, তাহলে বাড়ি থেকে বেরোতে পারবেন না!” তিনি আরও জানান, মমতা নিজে সেদিন বিজেপি নেতাদের নামে এফআইআর ও সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন। সেই রিপোর্ট পিজির নথিতে থাকার কথা না থাকলেও তাঁর হাতে কীভাবে এল, প্রয়োজনে সেই উৎসও তিনি প্রকাশ্যে এনে দেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন।
কী নিয়ে এই আইনি লড়াই?
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে নন্দীগ্রামে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পা ধাক্কা মেরে ভেঙে দেওয়া হয়েছে বলে সে সময় অভিযোগ তোলা হয়েছিল। সেই পুরোনো ঘটনারই একটি মেডিক্যাল রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এনে দাবি করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। সেই গোপনীয় রিপোর্ট কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়েই এবার আইনি পদক্ষেপ করেছেন মমতা। কিন্তু শুভেন্দুর এই পালটা হুশিয়ারির পর তরজা এখন কোন মোড় নেয়, সেটাই দেখার!