পুজোর আগেই বিরাট সুখবর! পুলিশের চাকরিতে নিয়োগ থেকে ভাতা বৃদ্ধি—বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উৎসবের ঢাকে কাঠি পড়ার ঠিক আগে সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। দুর্গাপুজোর ঠিক আগে পুলিশের চাকরিতে বড় নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন স্তরে ভাতা বৃদ্ধির ঘোষণায় চারদিকে খুশির হাওয়া।
সূত্রের খবর, দীর্ঘদিনের ওবিসি জট কাটিয়ে অবশেষে পুলিশ বাহিনীতে বড় নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী দেবীপক্ষেই অর্থাৎ চলতি মাসের ১১ তারিখ প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পুলিশবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় ১২ হাজার কনস্টেবল পদে নিয়োগের কথা জানানো হয়েছে। এর পাশাপাশি কুইক রেসপন্স টিমের জন্য একাধিক নতুন বাইক ও গাড়ি দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
শুধু পুলিশ নিয়োগই নয়, মন্ত্রিসভার বৈঠকে একাধিক জনমুখী প্রকল্প ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য ও কলকাতা পুলিশের নির্দিষ্ট পদমর্যাদার কর্মীদের মাসিক রেশন ভাতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, হস্টেলে থাকা তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের খাদ্যভাতা এবং রাজ্যের বিভিন্ন অংশের ‘কর্মবন্ধু’দের ভাতাও বাড়ানো হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষায় ইচ্ছুক অবিবাহিতা ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে, যা পুজোর মরশুমে রাজ্যবাসীর মুখে চওড়া হাসি ফোটাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।