রান্নাঘরে মারাত্মক বিপদ! এভারেস্টের এই মশলা ব্যবহার করছেন না তো? কড়া নির্দেশিকা জারি করল এফএসএসআই

দেশের অন্যতম জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা ‘এভারেস্ট’ (Everest)-এর পণ্যের মান নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিল। বাজারের বিভিন্ন মশলার গুণমান যাচাই করতে গিয়ে বড়সড় পদক্ষেপ করেছে দেশের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণকারী শীর্ষ সংস্থা এফএসএসআই (FSSAI)। সংস্থার পক্ষ থেকে এভারেস্টের একটি নির্দিষ্ট ব্যাচের প্রি-প্যাকড জিরে গুঁড়ো (Cumin Powder) বাজার থেকে অবিলম্বে তুলে নেওয়ার (Recall) নির্দেশ জারি করা হয়েছে।
সূত্রের খবর, গোয়ার একটি রিসর্ট থেকে সংগৃহীত এভারেস্টের প্রি-প্যাকড জিরে গুঁড়োর নমুনা পরীক্ষা করা হয়। ফুড অ্যানালিস্ট এবং পরবর্তীতে একটি রেফারেল ফুড ল্যাবরেটরির পরীক্ষায় ওই নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে ক্ষতিকর কীটনাশকের (যেমন— Azoxystrobin এবং Thiamethoxam) উপস্থিতি ধরা পড়ে। খাদ্য সুরক্ষা আইন, ২০০৬ অনুযায়ী ল্যাবরেটরির এই রিপোর্টের ভিত্তিতে ওই নমুনাকে মানুষের খাওয়ার পক্ষে ‘অসুরক্ষিত’ (Unsafe) বলে ঘোষণা করা হয়।
এর পরেই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ নেয় এফএসএসআই। সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, বাজারে থাকা ওই নির্দিষ্ট ব্যাচের সমস্ত জিরে গুঁড়ো দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তার সম্পূর্ণ রিপোর্ট ও রেকর্ড জমা দিতে হবে। একই সঙ্গে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।