ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৭ বনাম ৬! ব্রাজিলের বিরুদ্ধে চার গোল খেলেও কেন প্রশংসায় ভাসছে ভারত?

বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস ব্রাজিলের কাছে ভারতের পরাজয়টা হয়তো কাগজ-কলমে প্রত্যাশিতই ছিল। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওদের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই চালাল ভারতীয় দল, তা সত্যি প্রশংসনীয়। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৭ নম্বরে থাকা ভারত ষষ্ঠ স্থানের ব্রাজিলের বিরুদ্ধে লড়াইয়ে এত সহজে হার মানেনি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে ম্যাচ জিতলেও, ব্রাজিলের মতো জায়ান্ট দলকে মাঠে বেশ ভালোই ঘাম ঝরাতে বাধ্য করেছেন ভারতীয় ফুটবলাররা।

পানামার বিরুদ্ধে দুর্দান্ত ১-১ ড্র করার আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নেমেছিল ভারত। দুই অর্ধে দুটি করে গোল করে ব্রাজিল জয় ছিনিয়ে নিলেও, ব্লু টাইগার্সদের লড়াই মন কেড়েছে ফুটবলপ্রেমীদের। ম্যাচের পর ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, “আমাদের আরও বেশি করে এই ধরনের ম্যাচ খেলতে হবে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে। তবে আমার দিক থেকে বলব, ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে কোনো খামতি রাখেনি। ওদের রক্ষণাত্মক রাখার পাশাপাশি বিল্ড-আপ এবং আক্রমণেও কাজে লাগানো হয়েছিল।”

২৭ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ভারত
ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে বেশ ভালোই আটকে রেখেছিল ভারতের রক্ষণভাগ। ম্যাচের প্রথম ২৭ মিনিট পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গোল করতে দেয়নি ভারত। কিন্তু ২৭ মিনিটের মাথায় প্রথম ডিফেন্স ভাঙে। এস্তেভাও বক্সের ভিতর ঢুকে শট নেন; গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বল বাঁচানোর চেষ্টা করলেও তা মাটিতে লেগে জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে ভারত। এরপর বিরতির ঠিক আগে ১৪ মিনিটের ব্যবধানে আরও একটি গোল হজম করতে হয়। পেদ্রোর শটের সময় সময়মতো নিচে নামতে না পারায় গুরপ্রীতের পাশ দিয়ে বল জালে চলে যায়। ম্যাচের এই দুই বড় ভুলের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গুরপ্রীতকে তুলে নিয়ে গোলরক্ষক প্রভসুখন সিং গিলকে মাঠে নামান কোচ খালিদ জামিল।

গুরপ্রীতের পাশে কোচ খালিদ জামিল
ম্যাচে কিছু ভুলত্রুটি হলেও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কোনো কঠোর সমালোচনা করতে নারাজ কোচ। খালিদ সাফ জানিয়ে দেন, “গুরপ্রীত ভারতের অন্যতম সেরা গোলরক্ষক। মাত্র দুটো ম্যাচ দিয়ে আমরা এক জন খেলোয়াড়কে বিচার করতে পারি না। বড় ম্যাচে এমন ভুল হতেই পারে। শুধু একজন খেলোয়াড়কে একা দায়ী করা যায় না। আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, তবে দেখবেন ডিফেন্ডারদের দিক থেকেও কিছু ভুল ছিল, যার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ।”

ম্যাচ শেষে গুরপ্রীত নিজেও বলেন, “দুটো শটই দুর্দান্ত ছিল। আমি আমার সাধ্যমতো বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। বড় ম্যাচে এই ছোট ছোট ভুলগুলোই বড় পার্থক্য গড়ে দেয়। আজ পরিস্থিতি আমাদের পক্ষে ছিল না, তবে এটাই ফুটবল। আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নিলাম। সামনেই আমাদের উরুগুয়ে ম্যাচ রয়েছে, সেখানে আমরা নিজেদের উজাড় করে দেব।”

মনোযোগের অভাবের কথা বললেন কোচ
খালিদ জামিলের মতে, ভারতের খেলায় কিছুটা হলেও মনোযোগের ঘাটতি ছিল। তাঁর কথায়, “কনসেন্ট্রেশন, ফোকাস এবং নিখুঁত প্রস্তুতি খুব জরুরি। ভালো দলগুলো পজিটিভ রেজাল্ট পেতে অনেক কিছু চেষ্টা করে। আপনি শুধু এক-দু’টি বিষয় চেষ্টা করলে তা যথেষ্ট নয়। ম্যাচের প্রথম মিনিট থেকে নব্বই মিনিট পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলাতে হবে।” ব্রাজিলের এই ম্যাচের অভিজ্ঞতা ভবিষ্যতে তরুণ ভারতীয় দলটিকে অনেক দূর এগিয়ে দেবে বলেই বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *